জিলাইভ [ GLive ] | truth alone triumphs

মাত্র তিন শ্রোতার জন্য একনের কোটি টাকার কনসার্ট

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে বড় মঞ্চ, হাজারো দর্শক এবং বিপুল আয়োজনের সঙ্গে পারফরম্যান্সের অভিজ্ঞতা একনের দীর্ঘ ক্যারিয়ারে কম নেই। তবে মাত্র তিনজন শ্রোতার সামনে গান গেয়ে প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পাওয়ার ঘটনা নিঃসন্দেহে তাঁর সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাগুলোর একটি। আরও বিস্ময়কর বিষয় হলো, সেই অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছিল বিশাল কনসার্টের মতো অবকাঠামো—বড় মঞ্চ, অত্যাধুনিক আলোকসজ্জা, লেজার, পূর্ণাঙ্গ পরিবেশনা দল এবং বিলাসবহুল বিশেষ উড়োজাহাজ।

সম্প্রতি ‘ফ্ল্যাগর‍্যান্ট’ পডকাস্টে নিজের ক্যারিয়ারের এই ব্যতিক্রমী ঘটনার কথা জানান সেনেগালিজ-আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক একন। তাঁর ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত ধনী পরিবারের ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তাঁকে প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি টাকার বেশি, পারিশ্রমিক দেওয়া হয়েছিল।

অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল পরিবারের এক মেয়ের আগ্রহে। তিনি একনের বড় ভক্ত ছিলেন এবং প্রিয় শিল্পীকে ব্যক্তিগতভাবে গান শোনানোর ইচ্ছা থেকেই আয়োজনটি করা হয়। তবে অনুষ্ঠানের প্রস্তুতির ধরন দেখে একনের ধারণা হয়েছিল, সেখানে হয়তো বিপুলসংখ্যক অতিথি থাকবেন। কারণ তাঁর সঙ্গে পাঠানো হয়েছিল পুরো ট্যুরিং দল। সাউন্ড প্রকৌশলী, আলোকসজ্জাকর্মী, সফর ব্যবস্থাপক, ব্যবসায়িক ব্যবস্থাপকসহ প্রয়োজনীয় কর্মীদের নিয়ে ছিল প্রায় পূর্ণাঙ্গ একটি কনসার্ট দল।

পরিবহনের ব্যবস্থাপনাও ছিল নজরকাড়া। একনকে অনুষ্ঠানে নিয়ে যেতে পাঠানো হয়েছিল একটি বিশেষ ৭৪৭ উড়োজাহাজ। তাঁর বর্ণনা অনুযায়ী, সেটিতে শোবার ঘর, গোসলের ব্যবস্থা, খেলাধুলার কক্ষ এবং চলচ্চিত্র দেখার জন্য আলাদা জায়গা ছিল। এত বড় আয়োজন দেখে স্বাভাবিকভাবেই তিনি ধরে নিয়েছিলেন, অনুষ্ঠানে অনেক অতিথির সমাগম হবে।

কিন্তু অনুষ্ঠানস্থলে পৌঁছে একেবারেই ভিন্ন দৃশ্য দেখতে পান তিনি। বিশাল একটি হলঘর পেরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় মঞ্চের দিকে। সেখানে ছিল বড় মঞ্চ, এলইডি আলো, লেজারসহ পেশাদার কনসার্টের প্রায় সব ধরনের আয়োজন। অথচ দর্শকদের জন্য রাখা হয়েছিল মাত্র তিনটি চেয়ার।

কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন পরিবারের তিন সদস্য—মেয়ে, ছেলে ও স্ত্রী। অর্থাৎ বিপুল ব্যয়ের সেই আয়োজনের সামনে একনের শ্রোতা ছিলেন মাত্র তিনজন।

একন নির্ধারিত পরিবেশনা শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পর পরিবারের মেয়েটি তাঁকে থামিয়ে দেন। কোনো সমস্যা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, একনের জনপ্রিয় ‘মিস্টার লোনলি’ গানটি শুনতে চান। শিল্পী গানটি পরিবেশন করার পরও অনুরোধ থামেনি। একই গান আবার গাওয়ার অনুরোধ আসে। একবার, দুবার—এভাবে চলতে থাকে।

শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে একনকে একই গান বারবার পরিবেশন করতে হয়। ঘটনাটি স্মরণ করে তিনি রসিকতা করে বলেন, পুরো পরিস্থিতি তাঁর কাছে অনেকটা সিডি প্লেয়ারের মতো মনে হচ্ছিল—একটি গান শেষ করলেই আবার সেই একই গান চালানোর অনুরোধ আসছে।

এই ব্যক্তিগত অনুষ্ঠানের মোট ব্যয়ের বিষয়টিও তুলে ধরেন একন। তাঁর দাবি, শিল্পীর পারিশ্রমিক, মঞ্চসজ্জা এবং অন্যান্য আয়োজন মিলিয়ে মোট খরচ হয়েছিল প্রায় ৫০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ মাত্র কয়েকজন মানুষের ব্যক্তিগত বিনোদনের জন্য ব্যয় হয়েছিল বিপুল পরিমাণ অর্থ।

পরে বিষয়টি নিয়ে নিজেই হাস্যরস করেন একন। তাঁর বক্তব্যের সারকথা ছিল, শুরুতেই যদি তাঁকে জানানো হতো যে অনুষ্ঠানে মাত্র তিনজন শ্রোতা থাকবেন, তাহলে এত বিশাল আয়োজনের কোনো প্রয়োজনই ছিল না। এমনকি তিনি মজা করে বলেন, এর অর্ধেক অর্থের বিনিময়েই পরিবারের বসার ঘরে গিয়ে এক ঘণ্টা গান গেয়ে আসতে পারতেন।

একনের এই অভিজ্ঞতা তাঁর দীর্ঘ সংগীতজীবনের অস্বাভাবিক ঘটনাগুলোর একটি। ২০০৪ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘ট্রাবল’ প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে তাঁর পরিচিতি দ্রুত বাড়তে থাকে। ‘লকড আপ’ ও ‘লোনলি’ তাঁকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। পরবর্তী সময়ে ‘স্ম্যাক দ্যাট’, ‘আই ওয়ানা লাভ ইউ’, ‘ডোন্ট ম্যাটার’, ‘বিউটিফুল’ এবং ‘রাইট নাউ’-এর মতো গান তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।

শুধু গায়ক হিসেবেই নয়, গীতিকার ও প্রযোজক হিসেবেও একন দীর্ঘদিন ধরে সক্রিয়। বড় কনসার্টে বিপুল দর্শকের সামনে পরিবেশনের পাশাপাশি ব্যক্তিগত অনুষ্ঠানেও তিনি গান গেয়েছেন। তবে তিনজন শ্রোতার জন্য কোটি টাকার বেশি পারিশ্রমিক, বিশেষ উড়োজাহাজে যাত্রা এবং কোটি কোটি টাকার আয়োজনের পর শেষ পর্যন্ত একই গান প্রায় এক ঘণ্টা ধরে পরিবেশন করার অভিজ্ঞতা যে তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, তা বলাই যায়।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর