খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই আগস্ট ২০২৩, ৯:৪৩ পিএম

পার্কে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী। জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৭ আগস্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ ও সিপিসি-৩ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাসনাইল হোসেন ওরফে তমাল (২০) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দুর্গাপুর গ্রামের জহিরুলের ছেলে ও বায়জিদ হোসেন ( ২০) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের মোহাম্মদ পাঞ্জাব আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ আগস্ট বিকেল ৪টার দিকে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী পাঁচবিবি পৌর পার্কে তমালের সঙ্গে দেখা করতে আসে। এরপর সন্ধ্যা ৭টার দিকে তমাল ও বায়জিদসহ অজ্ঞাত কয়েকজন তাকে পাঁচবিবি উপজেলার নওদাপাড়া গ্রামের নির্জন বাড়িতে নিয়ে যায়।
পরবর্তীতে গভীর রাতে তমাল ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করলে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে (হাকিমপুর) হিলিগামী একটি যাত্রীবাহী বাসে তুলে দেয়। স্কুলছাত্রী বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ৬ আগস্ট বিকেলে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের পরই র্যাব-৫ ও সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করতে জয়পুরহাট জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে আসামিরা তাদের স্থান পরিবর্তন করে বগুড়া চলে গেলে র্যাব-৫ জয়পুরহাট ও র্যাব-১২, বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে ৬ আগস্ট গভীর রাতে বগুড়া সদরের ফুলবাড়ি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য