নিজের মৃত্যুর সংবাদ নিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ে। শনিবার পর্যন্ত এক্সে (পূর্বে টুইটার) “ট্রাম্প মারা গেছেন” শিরোনামে ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। এতে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়ে পড়ে। তবে এ নিয়ে ট্রাম্প সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ট্রাম্প তার স্বাস্থ্যসংক্রান্ত এই গুজব উড়িয়ে দিয়ে জানান, সপ্তাহান্তে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি দুই দিন ধরে কোনো সম্মেলনে অংশ নিইনি। তাই তারা বলেছিল নিশ্চয়ই আমার কোনো সমস্যা আছে। কিন্তু এ ধরনের খবর একেবারেই ভুয়া।”

এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন— “সপ্তাহান্তে আপনার মৃত্যু নিয়ে একটি ভাইরাল ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি নিজে দেখেছেন?”

উত্তরে ট্রাম্প বলেন, তিনি সামাজিক মাধ্যমে ট্রেন্ডটি সরাসরি দেখেননি, তবে সংবাদমাধ্যমের কাভারেজ দেখে বিষয়টি সম্পর্কে জানতে পারেন। সেই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

 

ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনকে তুলনায় এনে বলেন, “আমি সপ্তাহান্তে খুব সক্রিয় ছিলাম। পোটোম্যাক নদীর ধারে আমার মালিকানাধীন ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করেছি। আসলেই আমি সক্রিয় ছিলাম। কিন্তু আপনি তাকে (বাইডেন) এভাবে দেখতে পাবেন না। অথচ কেউ কখনো বলেনি যে তার কোনও সমস্যা আছে। অথচ আমরা জানি, তিনি সেরা অবস্থায় নেই।”

 

ট্রাম্পের স্বাস্থ্যের বিষয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল। জুলাই মাসে তার হাতে ক্ষতচিহ্ন এবং গোড়ালিতে ফোলাভাব দেখা যায়। তখন হোয়াইট হাউস দ্রুত জানিয়েছিল, বিষয়টি গুরুতর কিছু নয়। তবে সম্প্রতি তার হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে বলে যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।