নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেলো ৬০ জনের

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে। এর গন্তব্য ছিল কাইনজি জলাধারে অবস্থিত ডুগা শহর।

 

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) জানায়, গাউসাওয়া সম্প্রদায়ের কাছে নৌকাটি পানির নিচে ডুবে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খায় এবং মুহূর্তেই ডুবে যায়।
স্থানীয় সংবাদপত্র ডেইলি ট্রাস্ট কে সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন এবং গাছের গুঁড়ির সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে।

 

নৌকাটিতে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিলেন।

ক্ষয়ক্ষতির বিবরণসংখ্যা
মৃতঅন্তত ৬০ জন
গুরুতর আহতপ্রায় ১০ জন
জীবিত উদ্ধারকয়েকজন
যাত্রী সংখ্যা (প্রায়)১০০+

 

এনএসইএমএ-র মহাপরিচালক এবং বরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলমান এবং নিখোঁজদের সন্ধান চলছে।
তিনি বার্তা সংস্থা রয়টার্স-কে বলেন, নিহতের সংখ্যা ৬০-এ পৌঁছেছে এবং আরও অনেককে খোঁজা হচ্ছে।

 

শাগুমি এলাকার প্রধান সাআদু ইনুয়া মুহাম্মদ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।