থাইল্যান্ডে রাজপরিবার অবমাননার অভিযোগে এক মার্কিন শিক্ষাবিদকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম পল চেম্বার্স। তিনি দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে শিক্ষকতা করছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
চেম্বার্সের বিরুদ্ধে দেশটির কড়া ‘লেসে-মাজেসতে’ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে, যা রাজা ও রাজপরিবারের সমালোচনা নিষিদ্ধ করে। এ আইন অনুযায়ী প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
থাই সেনাবাহিনীর অভিযোগ, চেম্বার্স উত্তর থাইল্যান্ডের নারেসুয়ান বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক হিসেবে একটি অনলাইন আলোচনার সঙ্গে যুক্ত নিবন্ধে রাজপরিবারকে অবমাননা করেছেন।
গত সপ্তাহে তাকে অভিযোগের বিষয়ে অবগত করা হয় এবং মঙ্গলবার উত্তর ফিটসানুলোক প্রদেশে পুলিশে রিপোর্ট করতে বলা হয়, যেখানে তিনি বিচার-পূর্ব আটক হন।
চেম্বার্স অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী ওয়ানাফাত জেনরুমজিৎ জানিয়েছেন, তারা জামিন আবেদন করেছেন এবং আইনের মাধ্যমে ন্যায়বিচারের আশাবাদী।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এই গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে এবং থাই কর্তৃপক্ষকে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে ‘লেসে-মাজেসতে’ আইনের প্রয়োগ বেড়েছে। সমালোচকরা বলছেন, ভিন্নমত দমনেই এই আইনের অপব্যবহার হচ্ছে। বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এমন অভিযোগ বিরল হলেও, মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
