রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাস।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে একক এ কর্মসূচীর।ডাক দেন।
জয় বিশ্বাস ফেসবুকে লিখেছেন, তিনি দীর্ঘ চার ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। দল-মত নির্বিশেষে সবার সংহতি কামনা করে তিনি এ কর্মসূচি পালন করছেন।
রংপুরের ঘটনায় গত ২২ আগস্ট রাতে নগরীর দাসপাড়া-মাছুয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে জবানবন্দি নেওয়া হয়। তাঁদের বন্ধু সীমান্ত দাসও আদালতে জবানবন্দি দিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন। মামলাটি বর্তমানে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
তবে হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে নিহত পরিবারের স্বজনদের মধ্যে প্রশ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাত্র দুজনের পক্ষে একই পরিবারের চারজনকে হত্যা করা সম্ভব কি না, ঘটনাস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ এবং অন্যান্য আলামতসহ বেশ কিছু বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জয় বিশ্বাস।
জয় বিশ্বাসের তিন দফা দাবির মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ নিতে হবে।
দ্বিতীয় দাবিতে রংপুরের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
তৃতীয় দাবিতে সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জনগণের সামনে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপনের দাবি জানিয়েছেন তিনি।
জয় বিশ্বাস বলেন, দল-মত নির্বিশেষে তিনি সবার সংহতি কামনা করছেন।









