আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁকে যদি নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হয় তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য এক বড় অপমান। একইসঙ্গে অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি “অভ্যন্তরীণ যুদ্ধ” আখ্যা দিয়ে সেনা মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প।

সভায় তিনি দাবি করেন, বিশ্বের নানা সংঘাত ও যুদ্ধ মীমাংসায় তিনি নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তাঁকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি শুধু তাঁর ব্যক্তিগত অবমূল্যায়নই হবে না, বরং যুক্তরাষ্ট্রের জন্যও হবে এক “বড় অপমান”।

ট্রাম্প বলেন, “আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।”

 

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন ভেতর থেকেই এক ধরনের যুদ্ধের মুখোমুখি, আর সেটি অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পরামর্শে, বিশ্বের বিভিন্ন স্থানে দায়িত্বে থাকা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে তিনি জানান যে, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরও যোগ করেন, “আমরা একে একে সেগুলো সমাধান করব। এই কাজের বড় দায়িত্ব নিতে হবে আপনাদের অনেককে। এটাও যুদ্ধ—এটা ভেতর থেকে আসা যুদ্ধ।”

 

ট্রাম্প আরও জানান, তিনি ইতোমধ্যেই একটি কুইক রিঅ্যাকশন ফোর্স (দ্রুত প্রতিক্রিয়া বাহিনী) গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন। তাঁর ভাষায়, “এটা ভেতরের শত্রু। আর তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের সামলাতে হবে।”

 

বক্তৃতার একপর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “এরা অসম্মানিত কিংবা ঘৃণ্য ব্যক্তি।”