খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই আগস্ট ২০২৫, ১২:২৯ পিএম

মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বার্নামা শনিবার (১৬ আগস্ট) সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ করেছে।
ড. ইউনূস বলেন, “আমি নই, সাধারণ মানুষই পরিবর্তন চায়। তারা যেমনভাবে পরিবর্তন চায়, আমি কেবল সেই প্রক্রিয়াকে সহজ করি।”
তিনি আরও যোগ করেন,“আমি নিজের কোনো ইচ্ছা জনগণের ওপর চাপিয়ে দিই না। আমি অপেক্ষা করি জনগণ কী চায় তা দেখার জন্য, এরপর সেটি বাস্তবায়নে সহায়তা করি।”
নিজেকে নেতা নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার একজন তত্ত্বাবধায়ক হিসেবে দেখেন বলে জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস স্বীকার করেন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জ। তাঁর ভাষায়: “অনেক সমস্যা রয়েছে। অনেকে এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশ থেকে উৎখাত হওয়া কিছু রাজনৈতিক উপাদান পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
তাঁর মতে, বৈধতা ছাড়া কোনো নির্বাচন আয়োজনেরই অর্থ নেই।
স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে অনেক বাংলাদেশি দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি, উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “কল্পনা করুন, ১৮ বছর বয়সে ভোট দেওয়ার জন্য উদ্দীপ্ত একজন তরুণ বা তরুণী। কিন্তু কখনোই সে সুযোগ আসেনি, কারণ বৈধ কোনো নির্বাচন হয়নি। এবার প্রথমবারের মতো তারা ভোট দিতে পারবে।”
সূত্র: বার্নামা
মন্তব্য