নেপালের অন্নপূর্ণা পর্বতে মঙ্গলবার একটি শক্তিশালী তুষারধসে দুই পর্বতারোহী ভেসে গেছেন। নেপালি পর্বতারোহীরা তাদের সন্ধানে নামলেও এখনও তাদের খোঁজ মেলেনি।
কাঠমান্ডু থেকে এএফপি জানায়, ৮,০৯১ মিটার উচ্চতার অন্নপূর্ণা পর্বত একাধিক কারণে অত্যন্ত বিপজ্জনক। এখানে তুষারধসের প্রবণতা বেশি এবং এভারেস্টের তুলনায় মৃত্যুহারও বেশি।
অভিযান সংস্থা সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, এই বসন্তে প্রথম আরোহণের সময় তিন পর্বতারোহী পাহাড়ে ওঠার চেষ্টা করলে সোমবার দুপুরে তারা একটি বড় তুষারধসের কবলে পড়ে। তুষারের কারণে তাদের মধ্যে দুইজন—এনগিমা তাশি ও রিমা রিঞ্জে স্রোতের মতো ভেসে যায়।
তারা সেভেন সামিট ট্রেকসের সাথে কাজ করছিলেন। কোম্পানি জানিয়েছে, তাদের মধ্যে একজন কোনোভাবে আটকে থাকতে সক্ষম হন।
মঙ্গলবার সেভেন সামিট ট্রেকসের কর্মকর্তা থানেশ্বর গুরাগাই বলেন, ‘আমরা এখন শুধু অনুসন্ধান এবং উদ্ধার কাজের দিকে মনোযোগী। হেলিকপ্টারও পাঠানো হয়েছে। আমরা আমাদের পর্বতারোহীদের খুঁজে বের করার জন্য সমস্ত চেষ্টা চালিয়ে যাবো।’
বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বত শৃঙ্গের আটটি নেপালে অবস্থিত। প্রতি বসন্তে হাজার হাজার অভিযাত্রী সেখানে ওঠার চেষ্টা করেন, কারণ তখন তাপমাত্রা কিছুটা উষ্ণ এবং বাতাস থাকে শান্ত। তবে শীতকাল ও বরফপাতের সময় এই অঞ্চলে তুষারধস ও ভূমিধস সাধারণ ঘটনা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন এসব প্রাকৃতিক দুর্যোগকে আরও তীব্র করে তুলছে।
