শুক্রবার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডজুড়ে চালানো ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের রাতে এক বিমান হামলায় আরও পাঁচজনের মৃত্যু হয় বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলি হামলায় হতাহতদের মধ্যে কয়েকজন যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য তৈরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, গাজা সিটির একটি স্কুল ভবনে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আরেক হামলায় একটি তাবুতে আশ্রয় নেওয়া অবস্থায় আরও পাঁচজন প্রাণ হারান।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বৃহস্পতিবার গভীর রাতে তারা ইসলামিক জিহাদের একজন ‘গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে’ লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে।
শুক্রবার গাজার উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশজুড়ে চালানো হামলায় আরও বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। বাসসাল জানান, নিহতদের মধ্যে অন্তত আটজন ছিলেন যারা মানবিক সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। গোলাগুলির মধ্যে পড়ে তারা মারা যান।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সংবাদমাধ্যমের চলাচলে বিধিনিষেধ ও বেশ কিছু এলাকায় প্রবেশাধিকার না থাকায় সিভিল ডিফেন্স ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৯ হাজার ৬৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি জানায়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২১৯ জন নিহত হয়েছিলেন।
