রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন বার্তায় তাঁরা নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়েছেন।
জাতীয় দলের সিনিয়র ব্যাটার তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, “উত্তরা মাইলস্টোন কলেজের সবার জন্য প্রার্থনা।”
পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি বলেন, “যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। সংবাদকর্মীদের অনুরোধ করছি, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন—দয়া করে আহত বাচ্চাদের ছবি বা ভিডিও সরাসরি প্রচার করবেন না, অন্তত ছবিগুলো ঝাপসা করে দিন। ওরা আমাদের সন্তান, ওদের জন্য আমাদের অন্তরের গভীর থেকে প্রার্থনা।”
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, “উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। হতাহতদের ও তাঁদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও প্রার্থনা।”
পেসার তাসকিন আহমেদ লেখেন, “হে আল্লাহ, উত্তরার মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় আহত ও দগ্ধ সবাইকে আপনার রহমতের চাদরে ঢেকে দিন। তাদের ব্যথা লাঘব করুন, সুস্থতা ও শান্তি ফিরিয়ে দিন।”
ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ লিখেছেন, “মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।”
অন্যদিকে অলরাউন্ডার শেখ মাহেদি লিখেছেন, “মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, আগুন লেগেছে ভবনে। সবাই দোয়া করুন এবং সাহায্যে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”
সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। মাইলস্টোন কলেজ পরিবারকে জানাই আমাদের গভীর সমবেদনা। এই শোকের সময়ে আমরা তাঁদের পাশে আছি।”
এদিকে সতর্কতা জানিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লেখেন, “দয়া করে অপ্রয়োজনে রাস্তায় বা হাসপাতালে ভিড় করবেন না। এতে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। কখনও কখনও কিছু না করাও অনেক বড় সহায়তা হতে পারে।”
