চার বছর আগে কানাডার ওন্টারিওতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত একটি মুসলিম পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে দেশটির জনগণ। শোকানুষ্ঠানে অংশ নিয়ে কানাডাবাসী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যেন এমন ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।
ওন্টারিও থেকে এএফপির খবরে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও লন্ডন শহরে হৃদয়বিদারক ওই হত্যাকাণ্ডের শিকার আফজাল পরিবারের স্মরণে আয়োজিত হয় নানা কর্মসূচি।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুন কানাডার লন্ডন শহরে একটি আধা টন ওজনের ট্রাক দিয়ে মুসলিম পরিবারের পাঁচ সদস্যকে চাপা দেওয়া হয়। এতে সালমান আফজাল (৪৬), তার স্ত্রী মাদিহা সালমান (৪৪), কন্যা ইউমনা (১৫) এবং সালমানের মা তালাত আফজাল (৭৪) নিহত হন। এই হামলায় তাদের ৯ বছর বয়সী ছেলে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়।
ঘটনার পর কানাডা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সেই সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শোকসভায় যোগ দিয়ে বলেন, ‘কানাডায় ধর্মীয় বিদ্বেষ ও ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এ ঘটনায় ২০ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যানকে আটক করা হয়। তার বিরুদ্ধে চারটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এখন চূড়ান্ত রায় ঘোষণার অপেক্ষা।
গতকাল শুক্রবারও শহরটিতে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে অংশ নেন কানাডার ইসলামবিদ্বেষ মোকাবিলা বিষয়ক বিশেষ প্রতিনিধি আলমিরা এলঘাওয়াবি। স্থানীয় সংবাদমাধ্যম ‘লন্ডন ফ্রি প্রেস’-কে তিনি বলেন, ‘এ ঘটনার পর লন্ডনের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্র হয়েছে। ঘৃণা-বিদ্বেষ যে আমাদের সকলের ক্ষতি করে, এখন সেটি সবাই উপলব্ধি করছে। ফলে আরও বেশি মানুষ কানাডার মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন।’
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘৃণামূলক হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি চলবে।
