অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে দাম্পত্য জীবনের বিচ্ছেদের চলমান খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
ফারুকী জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠেই তিনি দেখতে পান তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। হ্যাক করার পর অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সাইবার অপরাধী গোষ্ঠী সামাজিক মাধ্যমে উদযাপনের চেষ্টা চালায়। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর আহ্বান জানান তিনি।
চলমান অপপ্রচার ও দাম্পত্য বিচ্ছেদের রটনা নিয়ে তিনি বলেন, “এসব নিউজের ওপর কথা বলার মতো কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। অপদার্থদের কথায় কান দেওয়ার মতো সময়ও আমার নেই।”
অনলাইনে তাঁর অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বিপুল স্থাবর সম্পত্তি থাকা নিয়ে যে ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে, সেটিকে সম্পূর্ণ কৌতুকপ্রদ ও হাস্যকর বলে বর্ণনা করেন তিনি। যেকোনো সচেতন নাগরিক চাইলে এসব তথ্যের সত্যতা সহজে যাচাই করতে পারেন উল্লেখ করে ফারুকী অহেতুক গুজবে কান না দিয়ে তাঁর মৌলিক কাজের প্রতি দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান।
বর্তমানে ফারুকী তাঁর নির্মাণ কাজ নিয়ে ব্যস্ত দিন পার করছেন। সম্প্রতি ঢাকা, ময়মনসিংহ এবং দক্ষিণ কোরিয়ায় তিন স্থানে শুটিং সম্পন্ন করে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। খুব শিগগিরই নতুন আরও একটি বিজ্ঞাপনের চিত্রগ্রহণ শুরু করতে যাচ্ছেন।
নতুন চলচ্চিত্রের পরিকল্পনা নিয়েও বড় উদ্যোগের কথা জানান এই নির্মাতা। বর্তমানে দুটি সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে। এর মধ্যে একটি জেন-জি (Gen-Z) অর্থাৎ তরুণ প্রজন্মের প্রেমের গল্প ঘিরে নির্মিত হতে যাচ্ছে, যার নাম নির্ধারণ করা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’। অন্য সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রাজনৈতিক পেক্ষাপটকে কেন্দ্র করে।
বাংলাদেশি বিনোদন জগতে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা জুটি একটি অত্যন্ত জনপ্রিয় ও সফল নাম। দীর্ঘ প্রেমের সম্পর্ক শেষে ২০১০ সালের ১৬ জুলাই তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাঁদের কোলজুড়ে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে মিডিয়া আঙিনায় পেশাদারি ও সফলতার সাথে অবস্থান করছেন এই তারকা দম্পতি।








