দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইনের বিরুদ্ধে আনুষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির প্রসিকিউশন। বৃহস্পতিবার সিউল থেকে এএফপি জানায়, জামাতার চাকরি সংক্রান্ত এক অনিয়মের ঘটনায় এই অভিযোগ গঠন করা হয়েছে।

চেওনজু জেলা প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানায়, ‘একটি এয়ারলাইনে জামাতার চাকরি নিশ্চিত করার বিনিময়ে মুন প্রায় ২১৭ মিলিয়ন ওন (প্রায় ১ লক্ষ ৫০ হাজার ডলার) গ্রহণ করেছিলেন।’

মামলার অভিযোগ অনুযায়ী, মুনের জামাতাকে কোনো রকম অভিজ্ঞতা বা যোগ্যতা ছাড়াই থাই ইস্টার জেট নামের একটি স্বল্পমূল্যের বিমান সংস্থায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রসিকিউটরদের মতে, সংস্থাটি কার্যত মুনের দলের এক সাবেক এমপির নিয়ন্ত্রণে ছিল এবং রাজনৈতিক সুবিধা লাভের আশায় এই নিয়োগ দেওয়া হয়েছিল।

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে দেওয়া বেতন ও অন্যান্য সুবিধা প্রসিকিউটররা ঘুষ হিসেবে উল্লেখ করেছে। পরে মুনের মেয়ে ও জামাতার বিবাহবিচ্ছেদ ঘটে।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা মুন উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ ও শান্তি প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। তার সময়ে কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন হয়েছিল।

মুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় একসঙ্গে দুজন সাবেক প্রেসিডেন্ট আইনগত জটিলতায় পড়লেন।

অন্যদিকে, বিতর্কিতভাবে পদচ্যুত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল ৩ ডিসেম্বরের ছয় ঘণ্টার জন্য মার্শাল ল’ জারির ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের মুখোমুখি। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। যদিও দক্ষিণ কোরিয়ায় ১৯৯৭ সালের পর থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

এই দুটি ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।