ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও দ্রুত, নির্বিঘ্ন ও প্রযুক্তিবান্ধব করার লক্ষ্য নিয়ে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ডিরেক্টরেট ‘নগদ’ এবং ‘সিটিজেনস ব্যাংক পিএলসি’-এর মধ্যে এক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ গ্রাহকেরা আধুনিক ডিজিটাল লেনদেনের ব্যাপক সুবিধা পাবেন।
রাজধানীর মতিঝিলে সিটিজেনস ব্যাংকের প্রধান কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই দ্বিপাক্ষিক চুক্তি সই হয়। নগদের পক্ষে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আফজাল আহমেদ (এফসিএ) এবং সিটিজেনস ব্যাংক পিএলসির পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ এবং সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক প্রবাল আহমেদ (এসিএ), সহযোগী প্রশাসক মো. আজহারুল হক, ট্রেজারি অ্যান্ড মার্চেন্ট অপারেশনস প্রধান আবিদ খান, ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট প্রধান দেবব্রত কুমার চন্দ (পলাশ), হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু ও রেমিট্যান্স প্রধান মো. আহসানুল হক বাশার উপস্থিত ছিলেন। অন্যদিকে সিটিজেনস ব্যাংকের পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সিএফও মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রিন্সিপাল শাখা প্রধান আব্দুর রউফ ভূঁইয়া, ইভিপি মুজিবুর রহমান ও এসএমআর প্রধান বিজয় চন্দ্র দাসসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তিটি বাস্তবায়নের ফলে গ্রাহকেরা সরাসরি যেসব সুবিধা পাবেন:
রেমিট্যান্স ট্রান্সফার: বৈধ উপায়ে প্রবাসীদের পাঠানো অর্থ ব্যাংকিং চ্যানেল পার হয়ে নগদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে মুহূর্তেই গ্রামগঞ্জের স্বজনদের হাতে পৌঁছাবে।
সহজ অ্যাড মানি: সিটিজেনস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গ্রাহকেরা সরাসরি তাঁদের নগদ ওয়ালেটে অর্থ স্থানান্তর করতে পারবেন।
এনপিএসবি লেনদেন: ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেন আরও দ্রুত ও সহজ হবে।
ন্যানো লোন সুবিধা: ভবিষ্যতে নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের মাঝে ‘ন্যানো লোন’ বা ক্ষুদ্র ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে।
বাংলা কিউআর সুবিধা: ক্যাশলেস কেনাকাটার পরিধি বাড়াতে দেশজুড়ে ছড়িয়ে থাকা ১০ লক্ষাধিক ‘বাংলা কিউআর’ (Bangla QR) মার্চেন্ট পেমেন্ট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
গ্রাহক নিবন্ধন: ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়াতে গ্রাহক অনবোর্ডিং বা নিবন্ধন প্রক্রিয়া অনেক বেশি সহজ হবে।
এই ব্যাংকটি যুক্ত হওয়ায় বর্তমানে দেশের ৪১টি তপশিলি ব্যাংকের সঙ্গে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট সংক্রান্ত পার্টনারশিপ সম্পন্ন হলো।
অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ বলেন, গ্রাহকদের ঝামেলামুক্ত ও আধুনিক সেবা দিতে ব্যাংকিং খাতের সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করা অত্যন্ত জরুরি, যা দেশের ক্যাশলেস অর্থনীতির পথ প্রশস্ত করবে। সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন জানান, নগদের ব্যাপক নেটওয়ার্ক কাজে লাগিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা এবং বিভিন্ন গ্রাহকবান্ধব আর্থিক সেবা পৌঁছানোই তাঁদের মূল লক্ষ্য।









