জিলাইভ [ GLive ] | truth alone triumphs

সাতছড়ির বনাঞ্চলে মাটি খুঁড়ে উদ্ধার ৬ পিস্তল ও গুলি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাটির নিচ থেকে ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।
৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় এই অস্ত্রভাণ্ডারের সন্ধান মেলে। অপরাধীচক্রগুলো অত্যন্ত সুকৌশলে মাটির নিচে অস্ত্র ও গোলাবারুদগুলো পুঁতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তবে এই অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনি প্রক্রিয়া মেনে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা জোরদার করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান গণমাধ্যমকে জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাতছড়ি জাতীয় উদ্যান ও সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ায় অতীতেও বিভিন্ন সময় সেখানে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র আরও জানায়, গত তিন মাসে ৫৫ বিজিবি-এর নিয়মিত অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী এই দুর্গম পাহাড়ি অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে।
Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর