স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ১২৭ বছরের সুদীর্ঘ ও বৈচিত্র্যময় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে ক্যাটালান পরাশক্তিদের প্রধান বা প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে বার্সার কালজয়ী ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে অধিনায়কের ঐতিহ্যবাহী বাহুবন্ধনী পরার অনন্য কীর্তি গড়েছেন তিনি।
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে ক্যাম্প ন্যুয়ে পাড়ি জমিয়েছিলেন রাফিনিয়া। শুরু থেকেই মাঠের নৈপুণ্যে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে আসছেন এই উইঙ্গার। কেবল চমৎকার গতি কিংবা ড্রিবলিং দিয়েই নয়, মাঠের বাইরে ড্রেসিংরুমেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি। বিশেষ করে কোচ হান্সি ফ্লিকের কৌশলে নিজেকে দলের অপরিহার্য অংশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সতীর্থদের উদ্বুদ্ধ করতে তার নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছে।
নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার নেতৃত্বের কাঠামোয় অভাবনীয় পরিবর্তন এসেছে। বিগত মৌসুমের মূল অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ধারে ডাচ ক্লাব আয়াক্সে পাড়ি দিয়েছেন। আবার দ্বিতীয় অধিনায়ক রোনাল্ড আরাউহো ধারে যোগ দিয়েছেন লিভারপুলে। ক্লাবের শীর্ষ দুই অধিনায়ক দল ছাড়ায় নেতৃত্বের প্রধান পদটি শূন্য হয়ে পড়েছিল। এই অবস্থায় খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সম্মতিক্রমে রাফিনিয়াকে প্রথম অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দায়িত্বের ক্রমে দ্বিতীয় অধিনায়ক হিসেবে থাকছেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। আর পরবর্তী স্থানগুলোতে আছেন তিন স্প্যানিশ তারকা—তৃতীয় অধিনায়ক পেদ্রি, চতুর্থ গাভি এবং পঞ্চম অধিনায়ক এরিক গার্সিয়া।
বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে ফুটবলবিশ্ব মাতানো ব্রাজিলিয়ান তারকার অভাব কোনোকালেই ছিল না। এভারিস্তো দে মাসেদো, রোমারিও, রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহো থেকে শুরু করে নেইমারের মতো মহাতারকারা ক্যাটালানদের হয়ে ইতিহাস লিখেছেন। ফুটবল নৈপুণ্যে তারা বিশ্বজুড়ে দ্যুতি ছড়ালেও আনুষ্ঠানিকভাবে কেউ কখনও বার্সেলোনার প্রথম অধিনায়ক হতে পারেননি। সেই জায়গা থেকে রাফিনিয়ার অধিনায়কত্ব পাওয়া কেবল কোনো ব্যক্তি অর্জনে সীমাবদ্ধ নয়, বরং বার্সেলোনার ইতিহাসে লাতিন ফুটবলের প্রভাবকে আরও এক ধাপ উঁচুতে তুলে ধরেছে।
ক্যাটালানদের হয়ে এ পর্যন্ত সাতটি গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছেন রাফিনিয়া। এর মধ্যে রয়েছে তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা। ২০২৫ সালে নিজের সেরা ফর্ম দেখিয়ে লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও নিজের ঝুলিতে পুরেন তিনি। ওই একি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষ তালিকায় নাম লিখিয়ে বিশ্বমঞ্চে নিজের সক্ষমতার বার্তা পৌঁছে দেন এই ব্রাজিলিয়ান।
পরিসংখ্যানের বিচারেও বার্সেলোনার সর্বকালের সেরা ব্রাজিলিয়ানদের কাতারে নিজের নামটি নাম লিখিয়েছেন এই অ্যাটাকার। বার্সার জার্সিতে ১৭৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে এ পর্যন্ত ৭৫টি গোল করেছেন তিনি। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ানদের তালিকায় রাফিনিয়া এখন চতুর্থ স্থানে আছেন। ১৩০ গোল নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন কিংবদন্তি রিভালদো। ১০৫টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে এভারিস্তো দে মাসেদো ও নেইমার এবং ৯৪ গোল নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন রোনালদিনহো। নেতৃত্ব পাওয়ার পাশাপাশি মাঠে তার বর্তমান যে ফর্ম, তাতে সামনের দিনগুলোতে এই গোলসংখ্যা আরও বাড়িয়ে নতুন রেকর্ড গড়াটা রাফিনিয়ার জন্য কেবল সময়ের ব্যাপার।









