জি-লাইভ ডেস্ক
প্রকাশ: ২৩ই জুলাই ২০২৬, ২:১০ পিএম

ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির পথনকশা থেকে বিচ্যুত হওয়ার তীব্র সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামের মূল নীতি ও আদর্শ রক্ষা করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য ছিল। কিন্তু রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই এক বড় ধরনের গতিপথ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
তিনি রূপক অর্থে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “ইসলামী আন্দোলন একটি বাক্সের (প্রতীক) অধীনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের পথচলা ছিল মদিনার আদর্শ ও নীতি অনুসরণের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই যাত্রার স্টিয়ারিং যেন এক প্রকার ছিনতাই বা ডাকাতি হয়ে গেছে। কাফেলা মদিনার দিকে চলার কথা থাকলেও, হঠাৎ দেখা যাচ্ছে সেই কাফেলা এখন আমেরিকার দিকে মোড় নিয়েছে।”
গত বুধবার (২২ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী শাখা এই সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করে।
নিজের বক্তব্যে মদিনার সনদ ও ইসলামী আদর্শের প্রতি অবিচল থাকার আহ্বান জানিয়ে শায়খে চরমোনাই আরও বলেন, সত্যকার অর্থেই যারা মদিনার আদর্শ ধারণ করেন, তারা কখনো নিজেদের গতিপথ বদলে সাম্রাজ্যবাদী শক্তির দিকে ধাবিত হতে পারেন না। কোনো লোভ বা প্রলোভন ইসলামী আদর্শকে স্পর্শ করতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিংবা অর্থের বিনিময়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, মহান আল্লাহর অশেষ রহমত এবং ত্যাগ-তিতিক্ষার পথ ধরেই সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।
নিজের ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক সুবিধার জন্য দেশের সার্বভৌমত্ব বা আদর্শ বিকিয়ে দেওয়াকে চরম আত্মঘাতী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, দেশ ও ইসলামের স্বার্থে আত্মত্যাগ করতে প্রস্তুত থাকলেও, নিজস্ব স্বার্থে দেশকে বিকিয়ে দেওয়ার রাজনীতি কখনো মেনে নেওয়া হবে না। দেশের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
ইসলামী যুব আন্দোলন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি রাসেল সরদার মেহেদী, গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এবং দলটির গৌরনদী শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসাইন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সংগঠনের বিপুলসংখ্যক তরুণ কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মন্তব্য