খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই জুলাই ২০২৬, ৪:৫১ পিএম

বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার (৯ জুলাই) একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরাজমান আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া, বিশ্ববিদ্যালয় এলাকায় জলাবদ্ধতা এবং যাতায়াত ব্যবস্থায় সৃষ্ট সমস্যার কারণে ৯ জুলাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে, টানা তিন দিনের ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরদিনও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতির কারণে মোট ১৯টি বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের পরীক্ষা স্থগিত হয়েছে। নির্ধারিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী নেওয়া হবে বলে সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে জানানো হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে ফরেস্ট্রি বিভাগের তৃতীয় সেমিস্টারের মৌখিক পরীক্ষা, অ্যাকাউন্টিং বিভাগের সপ্তম সেমিস্টারের বিবিএ ও এমবিএ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। এ ছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ সেমিস্টারের বিবিএ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
এছাড়া রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ বিএসএস (অনার্স), সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষ বিএসএস (অনার্স), বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষ বিএ (অনার্স), ইংরেজি বিভাগের প্রথম বর্ষ বিএ (অনার্স), ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষ বিএ (অনার্স) এবং ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষ বিএ (অনার্স) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষ বিএ (অনার্স), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও এমএস দ্বিতীয় সেমিস্টার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং) পরীক্ষাও এই তালিকায় রয়েছে।
অন্যদিকে প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষ বিএসসি (অনার্স), উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ বিএসসি (অনার্স), ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষ বিএসসি (অনার্স), মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষ বিএসসি (অনার্স), পদার্থবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষ বিএসসি (অনার্স), ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষ বিএসসি (অনার্স) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় ভারী বৃষ্টির সময় জলাবদ্ধতা, সড়কে পানি জমে যাওয়া এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার ঘটনা ঘটে। এতে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতে সমস্যা তৈরি হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষার্থীদের নিয়মিত প্রশাসনের বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য