বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, বাস চলাচল বন্ধ

বরগুনায় বুধবার রাত একটার দিকে জেলার সার্কিট হাউস মাঠের পূর্ব পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে, যার কারণে দূরপাল্লার যানবাহনের চলাচল বন্ধ হয়ে যাত্রী ও সংশ্লিষ্টরা দুর্ভোগে পড়েছেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরগুনা শাখার সভাপতি রেজাউল কবির তার ফেসবুক আইডিতে আগুন দেওয়ার ঘটনাসহ বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ভিডিও পোস্ট করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক কাঠি জ্বালিয়ে স্মৃতিস্তম্ভে আগুন নিক্ষেপ করছেন, যা কিছুক্ষণের মধ্যে জ্বলতে শুরু করে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দেখা যায়, স্মৃতিস্তম্ভের পূর্ব পাশের নিচের একটি অংশ আগুনের তাপে কালচে হয়েছে, তবে স্টিলের কাঠামোর কারণে বড় ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান, বরগুনা সদর উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কের হেউলিবুনিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। বেতাগী উপজেলার বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কসহ অন্তত তিনটি স্থানে বুধবার রাতে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে, এসব ঘটনা ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঘটিয়েছে। তবে বেতাগী থানার ওসি মনিরুল ইসলাম আগুন দেওয়ার ঘটনা অস্বীকার করেছেন।

লকডাউনের কারণে বরগুনা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বাস মালিক সমিতির সভাপতি ফারুক শিকদার জানিয়েছেন, যাত্রী সংকটের কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, লকডাউনের কারণে নয়।

জিলাইভ/টিএসএন