যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। এই জয়ের মধ্য দিয়ে তিনি শহরটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ডেমোক্র্যাট দলের প্রার্থী ৩৪ বছর বয়সী মামদানির বিজয় এসেছে মূলত তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের ব্যাপক সমর্থনের মাধ্যমে। একই সঙ্গে তিনি নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালন করবেন।
ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানির জন্ম উগান্ডায়। সাত বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ট্রাম্প প্রশাসনের সময়ে তাঁর অভিবাসন বৈধতা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছিল, যা সে সময় আলোচনার জন্ম দেয়। মামদানি নিজেকে একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন এবং রাজনীতিতে আসার মূল লক্ষ্য হিসেবে স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নের কথা তুলে ধরেন।
এবারের নির্বাচনে নিউইয়র্ক সিটিতে প্রায় ২০ লাখ ভোট পড়ে, যা গত ৫৬ বছরের মধ্যে সর্বোচ্চ ভোটগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। মামদানি মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ বা ১০ লাখ ৩৬ হাজার ৫১ ভোট পান। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো পেয়েছেন ৪১ দশমিক ৬ শতাংশ ভোট। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ৭ দশমিক ১ শতাংশ ভোট।
মামদানির এই জয়কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা “ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল বার্তা” হিসেবে উল্লেখ করেছেন। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর মামদানি বলেন, তিনি নিউইয়র্ক সিটিকে আরও মানবিক ও সমান সুযোগের শহরে রূপান্তর করতে চান। তাঁর ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে বিনামূল্যে বাসসেবা, শিশু পরিচর্যার সুবিধা, ভাড়া নিয়ন্ত্রণ এবং সব শ্রেণির মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি।
আগামী ১ জানুয়ারি জোহরান মামদানি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের স্থলাভিষিক্ত হবেন।
টিএসএন
