বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের তালিকায় দীর্ঘ ৩৪ বছর শীর্ষে থাকার পর অবশেষে দ্বিতীয় স্থানে নেমে গেল জাপান। এই জায়গা দখল করেছে ইউরোপের অর্থনৈতিক পরাশক্তি জার্মানি।
টোকিও থেকে এএফপি জানায়, জাপানের অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ২০২৪ সালের শেষ নাগাদ দেশটির নিট বৈদেশিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার)। আগের বছরের তুলনায় এটি ১২.৯ শতাংশ বৃদ্ধি পেলেও জার্মানির সম্পদের পরিমাণ ছিল ৫৬৯.৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে বেশি।
১৯৯১ সাল থেকে এ তালিকার শীর্ষে ছিল জাপান। তবে এ বছর সেই অবস্থান জার্মানির দখলে গেছে।
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, এই র্যাংকিং পরিবর্তনকে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না। কারণ নিট বৈদেশিক সম্পদের অবস্থান মূলত নানা অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক সম্পদ ও দায়ের মূল্যের ওঠানামা এবং অর্থপ্রদানের ভারসাম্যের উপর নির্ভর করে। তিনি আরও বলেন, ‘জাপানের বৈদেশিক সম্পদ ধারাবাহিকভাবে বাড়ছে। শুধু অবস্থান বদলকে দেশের অর্থনৈতিক সক্ষমতার বড় কোনো পরিবর্তনের সংকেত হিসেবে দেখা উচিত নয়।’
অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে চীন, যাদের নিট বৈদেশিক সম্পদ ৫১৬.২৮ ট্রিলিয়ন ইয়েন। এরপর রয়েছে হংকং (৩২০.২৬ ট্রিলিয়ন ইয়েন) এবং নরওয়ে (২৭১.৮৩ ট্রিলিয়ন ইয়েন)।
বিশ্লেষকরা বলছেন, দুর্বল ইয়েনের কারণে জাপানের বৈদেশিক সম্পদ ও দায় উভয়ই বেড়েছে। তবে বিদেশে বিনিয়োগ বাড়ায় সম্পদের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।
