জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

রেহান রাসুল ও প্রবাসী চিকিৎসক রাপ্তির কণ্ঠে আসছে নতুন গান ‘দূরত্ব’

নিজস্ব গায়কী ও স্বতন্ত্র সুরধারার মাধ্যমে সংগীতাঙ্গনে স্বকীয় অবস্থান তৈরি করা সংগীতশিল্পী রেহান রাসুল এবার নিয়ে আসছেন নতুন মৌলিক গান ‘দূরত্ব’। এই গানে তার সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী শিল্পী রাপ্তি সারওয়াত। চমৎকার কথামালা ও সুরের সমন্বয়ে গানটি সাজিয়েছেন রেহান রাসুল নিজেই, আর এর আবেগঘন সংগীতায়োজন সম্পন্ন করেছেন তাসনুভ নাওয়াল। সম্পূর্ণ ভিন্ন দুই আবহ ও ঘরানার দুই শিল্পীর সমন্বয়ে তৈরি গানটি শ্রোতাদের মাঝে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।

সংগীতশিল্পী রেহান রাসুল ২০১৮ সালে প্রকাশিত তার জনপ্রিয় একক গান ‘বাজে স্বভাব’ দিয়ে প্রথম ব্যাপক পরিচিতি ও প্রশংসা পান। এর পর থেকে তিনি একে একে উপহার দেন ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’ এবং ‘হাই’-এর মতো বেশ কয়েকটি প্রশংসিত মৌলিক গান। কেবল স্বাধীন সংগীতেই সীমাবদ্ধ থাকেননি রেহান, বড় পর্দায় ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’-এ শাকিব খানের লিপসিঙ্কে গাওয়া ‘আসবে আমার দিন’ গানটিতে কণ্ঠ দিয়ে প্লেব্যাক জগতে নিজের শক্ত অবস্থান নিশ্চিত করেন। এছাড়া সম্প্রতি প্রচারিত ‘মায়াপাখি’ নাটকের শিরোনাম গানটিতেও তার গায়কীর গভীরতা শ্রোতাদের নজর কেড়েছে।

অন্যদিকে, গানটির সহশিল্পী রাপ্তি সারওয়াত পেশাগত জীবনে একজন সফল চিকিৎসক। তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত রয়েছেন এবং সম্মানজনক রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের ফেলোশিপ অর্জন করেছেন। চিকিৎসাসেবার ব্যস্ত ও দায়িত্বশীল জীবনের মাঝেও গানের প্রতি তার প্রবল অনুরাগ ও প্রথাগত চর্চা অব্যাহত থেকেছে।

সংগীতের জগতে রাপ্তির হাতেখড়ি শৈশবেই। শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতির তালিকাভুক্ত শিল্পী ছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) নজরুলসংগীতের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান পরিবেশন করেন। সংগীতের শুদ্ধতা ও সঠিক বাণী চর্চার লক্ষ্যে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতসাধক প্রয়াত সুধীন দাস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’-য় দীর্ঘদিন সংগীত শিক্ষা গ্রহণ করেন তিনি। শৈশব ও কৈশোরের সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাই রাপ্তির গায়কীর মজবুত ভিত্তি ও সুরের ভিত গড়ে দেয়।

পড়াশোনা ও পেশাগত কারণে বেশ কিছুদিন সঙ্গীতে নিয়মিত হতে না পারলেও অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পর আবার নতুন উদ্যমে গান শুরু করেন রাপ্তি। প্রবাসের নানা সাংস্কৃতিক মঞ্চে পারফর্ম করার পাশাপাশি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করছেন তিনি। এর আগে তার কণ্ঠে ‘বিমূর্ত এই রাতি আমার’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘একা আছি তো কী হয়েছে’-র মতো জনপ্রিয় গানের কভারগুলো বেশ প্রশংসিত হয়। তবে ‘দূরত্ব’ গানটি দিয়েই প্রথমবারের মতো কোনো মৌলিক গানে আত্মপ্রকাশ করছেন তিনি, যা তার সংগীতজীবনের এক উল্লেখযোগ্য নতুন অধ্যায়।

গানটি প্রসঙ্গে রেহান রাসুল জানান, এটি মূলত প্রবাসে থাকা মানুষের সাথে নিজের জন্মভূমি, শিকড় ও সুরের মধ্যকার যে একটি আত্মিক বন্ধন রয়েছে, সেটিরই একটি সুরময় অভিব্যক্তি। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগামী মাসের শুরুতে রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর