জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে ক্যু ষড়যন্ত্রের অভিযোগ, অভিযুক্ত সাবেক মন্ত্রী ও সামরিক কর্মকর্তারা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার ঘনিষ্ঠ কয়েকজন সাবেক মন্ত্রী ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী লুইজ ইনাসিও লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণ ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

এএফপির প্রতিবেদনে জানানো হয়, বলসোনারোসহ সাতজন প্রধান অভিযুক্ত আগামী সপ্তাহে ক্যু প্রচেষ্টা মামলায় আদালতে হাজির হবেন। দোষী প্রমাণিত হলে প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

অভিযুক্তরা কারা:

ঘনিষ্ঠ সহকারী:
লেফটেন্যান্ট কর্নেল মাউরো সিড, বলসোনারোর এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ সহকারী, এই মামলার মূল অভিযুক্তদের একজন এবং প্রসিকিউশনের প্রধান সাক্ষী। অভিযোগ অনুযায়ী, তিনি নির্বাচনে কথিত জালিয়াতির প্রমাণ সংগ্রহে হ্যাকারদের সহায়তা নিয়েছিলেন। তার ফোন থেকে বলসোনারোর সম্ভাব্য বিজয়ের পর পড়ার জন্য প্রস্তুত করা একটি ভাষণের খসড়াও উদ্ধার করা হয়েছে।

সহপ্রার্থী:
বলসোনারোর সহপ্রার্থী এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়ালটার ব্রাগা নেত্তোর বিরুদ্ধে প্রেসিডেন্ট লুলা, ভাইস-প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়।

সামরিক প্রশিক্ষক:
৭৭ বছর বয়সী জেনারেল অগুস্তো হেলেনো রিবেইরো, যিনি বলসোনারোর সামরিক প্রশিক্ষক ছিলেন এবং পরবর্তীতে তার নিরাপত্তা উপদেষ্টা হন। অভিযোগ অনুযায়ী, তিনি ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়ে জনমনে সন্দেহ ছড়ানোর অন্যতম উস্কানিদাতা।

আইনমন্ত্রী:
সাবেক আইনমন্ত্রী অ্যান্ডারসন তোর্সেসের বাড়িতে একটি খসড়া ডিক্রি পাওয়া যায়, যেখানে নির্বাচনের ফল বাতিলের পরিকল্পনার কথা ছিল। তিনি লুলার শপথের এক সপ্তাহ পর ব্রাসিলিয়ায় হামলার সময় নিরাপত্তা প্রধানের দায়িত্বে ছিলেন।

রাজনৈতিক হেভিওয়েট:
প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা জেনারেল পাওলো সের্জিও নোগুয়েরার বিরুদ্ধে জরুরি অবস্থা জারি ও সামরিক হস্তক্ষেপের বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, তার সম্মতিই প্রেসিডেন্টকে সামরিক সমর্থন দেয়, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

নৌবাহিনী প্রধান:
অ্যাডমিরাল আলমির গার্নিয়ের সান্তোস ২০২১ সালে নৌবাহিনীর প্রধান হন। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে ক্যু-পরিকল্পনা নিয়ে আয়োজিত বৈঠকে তিনি বলসোনারোকে জানান, নৌবাহিনী তার নির্দেশের জন্য প্রস্তুত।

গোয়েন্দা প্রধান:
৫৩ বছর বয়সী আলেক্সান্দ্রে রামাগেম, যিনি বলসোনারোর আমলে ব্রাজিলের গোয়েন্দা সংস্থা এবিআইএনের প্রধান ছিলেন এবং বর্তমানে কংগ্রেসম্যান। তার বিরুদ্ধে বলসোনারো বিরোধীদের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর সমান্তরাল নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে।

সর্বশেষ:

এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতা দখলের ষড়যন্ত্র, নির্বাচন বাতিলের পরিকল্পনা এবং বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগে বিচারিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

Recent News