খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৭ই জুন ২০২৩, ৬:০ পিএম

এবার ছয় শহরে পদযাত্রা বিএনপির চার সংগঠনের। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ বাঁচাতে দলের পক্ষ থেকে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষকদল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।রিজভী বলেন, দেশব্যাপী কৃষক, শ্রমিক, তাঁতী জেলেসহ আপামর মেহনতী জনতাকে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী ছয়টি শহরে এই পদযাত্রা কর্মসূচি সফল করতে জাতীয়তাবাদী কৃষকদল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপি ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন চার সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন।
নোয়াখালী ১৫ জুলাই, দিনাজপুর ১৯ জুলাই, রাজশাহী ২৮ জুলাই, যশোর ৫ আগস্ট, হবিগঞ্জ ১২ আগস্ট ও বরিশাল ১৯ আগস্ট এই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।দলীয় সূত্রে জানা গেছে, প্রত্যেকটি সমাবেশ বা পদযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশে অংশ নেবেন।

সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে রিজভী বলেন, এহেন বক্তব্য হাইক্লাশ মিথ্যাচারের বহিঃপ্রকাশ, যা শুনে মানুষের হাসি-কান্না দুটোই পেতে পারে। নিশি রাতের ভোটের খেতাব পাওয়া প্রধানমন্ত্রী ভোটাধিকার হরণ করে সুষ্ঠু নির্বাচনকে লাশ বানিয়ে সেই লাশের চামড়া দিয়ে ডুগডুগি বাজিয়ে র্যাব, পুলিশের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কি না বলেন বারবার তাদের নির্বাচিত করা হয়। সত্যি প্রধানমন্ত্রীর রসিকতার জুড়ি মেলা ভার।
বিএনপির এই মুখপাত্র আরো বলেন, বর্তমানে ধনী-গরীবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে। একদিকে সীমাহীন দুর্নীতি, লুণ্ঠন, স্বেচ্ছাচারিতা, শোষণ-বঞ্চনার প্রকোপ, অন্যদিকে মেহনতী মানুষ নুন আনতে পান্তা ফুরায়-এর মতো সর্বনাশা দুর্দশার মধ্যে নিপতিত হয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগসহ বিএনপির মূল দাবি নিয়ে দেশের বিভাগীয় শহরজুড়ে তিন অঙ্গসংগঠনের পক্ষ থেকে তারুণ্যের সমাবেশ এখনো চলমান রয়েছে। ঢাকা বিভাগের সমাবেশের মধ্যদিয়ে এই কর্মসূচি শেষ হবে। এরই মধ্যে নতুন করে ১০ দাবি আদায়ে এবার শ্রমজীবী মানুষের পদযাত্রা বা সমাবেশ করার উদ্যোগ নিয়েছে বিএনপি।
মন্তব্য