জি লাইভ ডেস্ক
প্রকাশ: ২৪ই জুন ২০২৬, ১২:১৬ পিএম

বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও প্রভাবশালী চিকিৎসক নেতা ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার রাতে শেরপুর উপজেলার একটি হোটেল থেকে তাঁকে আটক করা হয়।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, ডা. সামির হোসেন মিশু মঙ্গলবার রাতে শেরপুর উপজেলার ধুনট মোড় সংলগ্ন ‘হোটেল মকটেল’-এ গিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ এক চিকিৎসক বন্ধু ডা. স্বপনের জন্মদিনের দাওয়াতে। তবে সেখানে তাঁর উপস্থিতির খবরটি বাইরে জানাজানি হলে স্থানীয় জনসাধারণের একাংশ এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার স্বার্থে ডা. মিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বগুড়া সদর থানা পুলিশের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় যে, জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতা সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাঁর নাম রয়েছে। এরপরই সেই মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
ডা. সামির হোসেন মিশু বগুড়ার সুপরিচিত চিকিৎসক পরিবার তথা জলেশ্বরীতলা এলাকার প্রয়াত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় চিকিৎসকদের সংগঠন স্বাচিপ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার শীর্ষ নেতৃত্বে ছিলেন।
বর্তমানে তিনি বাগেরহাটে কর্মরত। তিনি একাধারে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ইন্সট্রাক্টর এবং বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্রে এবং নিজের এলাকায় গরিব ও অসহায় রোগীদের প্রতি বিশেষ সহানুভূতির কারণে সাধারণ মানুষের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবেও পরিচিত ছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডা. মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি নিয়মিত মামলা রয়েছে। শেরপুর থানায় আইনি আনুষ্ঠানিকতা শেষে রাতেই তাঁকে বগুড়া সদর থানায় স্থানান্তর করা হয়েছে। আজ (বুধবার) তাঁকে আদালতে সোপর্দ করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে থানা সূত্রে জানা গেছে।
মন্তব্য