কে-পপ দুনিয়ায় আবারও বড় কেলেঙ্কারি! মাত্র একটি ট্যাটুর ছবিই বদলে দিচ্ছে অনুরাগীদের ধারণা, আর জন্ম দিচ্ছে নতুন প্রেমগল্পের সম্ভাবনা। বিটিএস সুপারস্টার জাংকুক এবং আসপার জনপ্রিয় সদস্য উইন্টার—দু’জনের হাতেই দেখা গেছে একই জায়গায়, একই ডিজাইনের একটি ট্যাটু। ছবি প্রকাশের পর মুহূর্তেই তা ঝড় তোলে সামাজিকমাধ্যমে, আর নেটিজেনদের প্রশ্ন—তাঁরা কি গোপনে প্রেম করছেন?
ছবিতে দেখা গেছে, তিনটি কুকুরছানার মুখের আকৃতির একটি সুন্দর ট্যাটু—যা একইভাবে করেছেন দু’জনেই। এতটাই মিল যে প্রথম দেখায় অনেকে ভেবেছেন—দু’জন একই সময়ে একসাথে গিয়েই ট্যাটুটি করিয়েছেন। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে ‘কাপল ট্যাটু’ বিতর্ক। ভক্তরা বলছেন—এটি নিছক ফ্যাশন নয়, বরং সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত।
কেবল এখানেই শেষ নয়। নেটিজেনরা আরও কিছু “প্রমাণ” তুলে ধরে বলছেন—এই ট্যাটুর পেছনে রয়েছে গভীর সংযোগ। প্রথমত, ইনস্টাগ্রামে উইন্টার ব্যবহার করেন ‘আই অ্যাম উইন্টার’, আর জাংকুকও কিছুদিন আগ পর্যন্ত ব্যবহার করতেন ‘আই অ্যাম জাংকুকু’। নামের এমন অদ্ভুত মিল দেখে অনেকেই নিশ্চিত—এটি নিছক কাকতাল নয়।
দ্বিতীয়ত, মঞ্চে পারফর্ম করার সময় তাঁরা যে ইন-ইয়ার মনিটর ব্যবহার করেন তার ডিজাইনও দু’জনের একই। ফ্যানরা বলছেন—একই স্টাইল, একই ডিভাইস, একই ট্যাটু… এতসব মিল কি শুধু কাকতালীয় হতে পারে?
গুঞ্জন উসকে দিয়েছে আরেকটি বিষয়—দু’জনের এজেন্সির নীরবতা। বিগহিট মিউজিক ও এসএম এন্টারটেইনমেন্ট কেউই এই ব্যাপারে এখনো কোনও মন্তব্য করেনি। সাধারণত বড় রটনার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া আসে। কিন্তু এই নীরবতা ভক্তদের সন্দেহ আরও গভীর করছে।
সামাজিকমাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার পোস্ট ঘুরছে, যেখানে অনেকে দাবি করছেন—জাংকুক ও উইন্টার দীর্ঘদিন ধরেই চুপিসারে প্রেম করছেন। এমনকি কেউ কেউ বলছেন—দু’জনের সম্পর্ক “ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট”!
তবে নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন—এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বা যাচাইযোগ্য প্রমাণ নেই। ট্যাটুর মিল বন্ধুত্ব, স্টাইল বা আর্টিস্টদের সাধারণ পছন্দও হতে পারে। তবু নেটিজেনদের উত্তেজনা থামছে না।
একটি ট্যাটুর কয়েকটি ছবি কতভাবে গুঞ্জন তৈরি করতে পারে—জাংকুক ও উইন্টারকে ঘিরে বর্তমান পরিস্থিতি তারই নতুন উদাহরণ। এখন দেখার বিষয়—এজেন্সিগুলো কি এ নিয়ে কোনও বিবৃতি দেয়, নাকি আরও নীরবতা ধরে রাখে। তবে একটাই নিশ্চিত—এই বিতর্কে কে-পপ দুনিয়া এখন তোলপাড়।
