খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ সরকারি বাসভবনে প্রকাশ্যে চড় মারাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বুধবার সকালে রাজধানীর সিভিল লাইন্স এলাকায় এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, সেদিন সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হচ্ছিল ‘জন সুনওয়াই’—জনগণের অভাব-অভিযোগ শোনার সেশন। সেই সময় ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ রেখা গুপ্তার কাছে গিয়ে প্রথমে একটি কাগজ তুলে দেয়। এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে সজোরে চপেটাঘাত করেন এবং তার চুলের মুঠি ধরে টানতে থাকেন। পাশাপাশি উচ্চস্বরে গালিগালাজও করতে থাকেন হামলাকারী।
ভারতীয় সংবাদমাধ্যম আইএনএস জানিয়েছে, হামলাকারী শুধু চড় মারেননি, বরং মুখ্যমন্ত্রীর মাথায় একটি ভারী বস্তু দিয়েও আঘাত করেছেন। বিজেপিও একই অভিযোগ করেছে এবং ঘটনাটিকে গুরুতর হামলা হিসেবে অভিহিত করেছে।
হামলাকারীর কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করেছে পুলিশ। যদিও সেগুলোর বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। সূত্রের বরাতে জানা গেছে, হামলার আগে মুখ্যমন্ত্রীকে যে কাগজটি দেওয়া হয়েছিল এবং পরে তার কাছ থেকে উদ্ধার করা কাগজপত্র আদালত-সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
বিজেপির দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব এ ঘটনাকে নৃশংস আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধার করা কাগজগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সূত্র: ফার্স্টপোস্ট
মন্তব্য