জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

বিডি জবস ৬০ লাখ বাংলাদেশীর সিভি ডার্ক ওয়েবে বিক্রী করেছে !

দেশের অন্যতম শীর্ষ চাকরি খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডিজবস’ থেকে অন্তত ৬০ লাখ চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) ও ব্যক্তিগত সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে এক হ্যাকার দল। ‘মাদারাক্স’ নামের ওই আন্তর্জাতিক হ্যাকার সাইবার অপরাধী চক্রটি সম্প্রতি ডার্ক ওয়েবের একটি গোপন ফোরামে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য বিক্রির বিজ্ঞাপন ঝুলিয়েছে। তবে বিডিজবস কর্তৃপক্ষ ডেটা ফাঁসের এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছে। একই সাথে তথ্য যাচাই না করে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য চাকরিপ্রার্থী ও ব্যবহারকারীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাইবার ফোরামে হ্যাকার গ্রুপটির দেওয়া ওই বিজ্ঞাপন ঘেঁটে জানা যায়, তাঁদের কবজায় থাকা ডেটাসেটে চাকরিপ্রার্থীদের অত্যন্ত সংবেদনশীল তথ্য জমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রার্থীদের পূর্ণ নাম, ব্যক্তিগত মোবাইল নম্বর, যোগাযোগের ঠিকানা, ইমেইল, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পূর্ব অভিজ্ঞতার সনদ এবং পেশাগত নানা প্রশিক্ষণের বিস্তারিত বিবরণী। এক কথায়, একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত ও পেশাগত জীবনের যাবতীয় গোপনীয় তথ্য এই তালিকায় বিদ্যমান বলে দাবি করেছে চক্রটি।

পুরো ডেটাসেট হস্তান্তরের বিনিময়ে হ্যাকাররা ১ হাজার মার্কিন ডলার মূল্য নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তিতে তারা স্পষ্ট উল্লেখ করেছে, ডেটার মান ও সংবেদনশীলতা ধরে রাখতে তারা এটি সর্বমোট পাঁচজন ক্রেতার কাছেই কেবল বিক্রি করবে। আর্থিক লেনদেনের সুবিধার্থে পেটিএম, ওয়াইজ, পে-ইউ এবং জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বিন্যান্স’-এর মাধ্যমে অর্থ পরিশোধের শর্তজুড়ে দিয়েছে তারা। দেশের লাখ লাখ বেকার তরুণ ও পেশাজীবীর সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে ওঠার এমন খবর ছড়িয়ে পড়তেই ব্যবহারকারীদের মনে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিডিজবস। প্রতিষ্ঠানটির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে বিডিজবসের সার্ভার ও ডেটাবেজ নিরাপত্তা নিয়ে মনগড়া অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। তারা সবসময়ই গ্রাহকদের তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং তাঁদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এতটাই আধুনিক যে ব্যবহারকারীর নিজস্ব অনুমতি বা সেটিংসে পরিবর্তন ছাড়া বাইরের কারো পক্ষে প্রোফাইলের গোপনীয় তথ্য দেখা অসম্ভব।

বিডিজবস আরও স্পষ্ট করেছে, কেবল তাঁদের প্ল্যাটফর্মে নিবন্ধিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা নিয়োগকর্তারা চাকরির আবেদনে প্রাপ্ত তথ্য দেখার এখতিয়ার রাখেন। যদি নিবন্ধিত কোনো অসাধু নিয়োগকারী প্রতিষ্ঠান প্রার্থীর তথ্য সংগ্রহ করে তা কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে বা অপব্যবহার করে, তবে বিষয়টি প্রমাণ হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। সাইবার নিরাপত্তার সব ধরনের মান বজায় রেখে বিডিজবস তাদের সেবা চালিয়ে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর