জি- লাইভ ডেস্ক
প্রকাশ: ১১ই আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার আসামি আব্দুল খালেক ওরফে নাহিদকে (৩১) আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক পৌনে ২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। কালুর দোকানের সামনে ইটসলিং রাস্তার ওপর একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় নাহিদ অবস্থান করছিলেন। স্থানীয় কয়েকজন তাকে সন্দেহ করে ধাওয়া দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত এবং আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।
পুলিশ জানায়, নাহিদের হেফাজত থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে। পাশাপাশি দেশীয় তৈরি তিনটি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি এবং আরও ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া গুলির সংখ্যা ৭৯ রাউন্ড। এ ছাড়া একটি সাদা রঙের অ্যাংলেট এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুল খালেক ওরফে নাহিদের বিরুদ্ধে টেকনাফ থানাসহ সংশ্লিষ্ট এলাকায় হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি বর্তমানে তদন্তাধীন এবং কয়েকটি আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আটকের পর নাহিদকে থানায় নেওয়া হয়। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এ ঘটনায় নাহিদ এবং পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক পাঁচ ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে নাহিদের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য