খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই জুন ২০২৬, ৪:৪৯ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা এখন একদম শেষ প্রান্তে। কোন দল রাউন্ড অব থার্টি-টু বা শেষ বত্রিশে কার মুখোমুখি হবে, তা নিয়ে সমীকরণ মেলাতে ব্যস্ত ফুটবলপ্রেমী থেকে শুরু করে বোদ্ধারা। এই আবহের মাঝেই নিজেদের পরবর্তী ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে নিজেদের চেনা একাদশে বড় ধরনের পরিবর্তন আনার আভাস দিয়েছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মূল তারকাদের কিছুটা বিশ্রাম দিয়ে তরুণদের পরখ করে নেওয়াই এখন আলবিসেলেস্তে শিবিরের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার দলের অনুশীলনে স্কালোনিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। ফুটবলারদের মধ্যেও ছিল না কোনো বাড়তি চাপ, বেশ প্রফুল্ল মনেই তারা ঘাম ঝরিয়েছেন। তবে অনুশীলনের মূল আকর্ষণ ছিল স্কালোনির ভিন্নধর্মী কৌশল এবং একদম নতুন এক ছকে দল সাজানোর পরিকল্পনা।
অনুশীলনে গোলবারের নিচে কড়া নজর কেড়েছেন হুয়ান মুসো। ম্যাচটিতে প্রথম একাদশে এমিলিয়ানো মার্টিনেজের খেলার সম্ভাবনাই বেশি, তবে মুসোকে ব্যাকআপ হিসেবে পুরোপুরি প্রস্তুত রাখা হচ্ছে। রক্ষণভাগের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে গঞ্জালো মন্তিয়েলের চোট কাটিয়ে ফেরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রিয়ার বিপক্ষে বেঞ্চে বসে থাকা এই ডিফেন্ডার এখন পুরোপুরি ফিট এবং মূল স্কোয়াডের সাথে পুরোদমে অনুশীলন করেছেন। তার সাথে রক্ষণভাগ সামলাতে দেখা গেছে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকোকে।
মিডফিল্ড এবং আক্রমণের কৌশলে বড় ধরনের কাটাছেঁড়া করছেন কোচ। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় লিয়ান্দ্রো পারেদেস এখন কার্ডের খাড়ায় আছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে যেন তাকে নিষিদ্ধ হতে না হয়, সেই ঝুঁকি এড়াতে জর্ডানের বিপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডে তাকে বিশ্রামে রাখা হতে পারে। তার পরিবর্তে মাঝমাঠের দায়িত্ব সামলাতে অনুশীলনে সক্রিয় ছিলেন এজেকুয়েল পালাসিওস, জিওভানি লু সেলসো ও জিউলিয়ানো সিমিওনে।
এবারের বিশ্বকাপে এখনও মাঠে নামার সুযোগ পাননি তরুণ ফুটবলার ভ্যালেন্তিন বারকো। তবে রোজারিও সেন্ট্রালের যুব দল থেকে উঠে আসা এই প্রতিভাবান ফুটবলারের জর্ডান ম্যাচে শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। একই সাথে উইঙ্গার হিসেবে কোচের গুড বুকে আছেন নিকো পাজ। তবে আক্রমণের মূল ভরসা হিসেবে জুলিয়ান আলভারেজের শুরুর একাদশে থাকাটা প্রায় নিশ্চিত।
সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কোচের পরিকল্পনা। চলতি বিশ্বকাপের শীর্ষ গোলদাতার আসনে থাকা এই খুদে জাদুকরকে অনুশীলনে বেঞ্চের খেলোয়াড়দের সাথে সময় কাটাতে দেখা গেছে। নকআউটের হাইভোল্টেজ ম্যাচের আগে মেসিকে পুরো ৯০ মিনিট খেলিয়ে ক্লান্ত করতে চান না স্কালোনি। জর্ডানের বিপক্ষে তাকে শুরুর একাদশে না রেখে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে।
স্কালোনি শেষ পর্যন্ত জর্ডানের রক্ষণ ভাঙতে এবং নিজেদের শক্তি ধরে রাখতে ঠিক কী মাস্টারপ্ল্যান সাজাচ্ছেন, তা স্পষ্ট করে জানতে ফুটবল ভক্তদের ম্যাচ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে এটুকু নিশ্চিত যে, তরুণ ও অভিজ্ঞদের এক দারুণ মিশ্রণ দেখতে যাচ্ছে সমর্থকেরা।
মন্তব্য