খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই মে ২০২৬, ১১:৪১ পিএম

জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
আহত তৌফিকুল ইসলাম সদর উপজেলার হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে। সে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আটক দুই কিশোর হলেন সদর উপজেলার পাঠানপাড়া এলাকার পলাশ এবং হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলার সময় তৌফিকুল ইসলাম, পলাশ ও শফিক রাজের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে পরদিন মঙ্গলবার (১৩ মে) দুপুরে একই মাঠ এলাকায় ফের তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই সময় পলাশ ও শফিক রাজ একসঙ্গে তৌফিকুল ইসলামের ওপর হামলা চালায় এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কিশোরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে দুই কিশোরকে আটক করা হয়েছে এবং তাদের থানায় রাখা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় দুই পক্ষের অভিভাবকদের মধ্যে সমঝোতার আলোচনা চলছে।
ওসি বলেন, এ ঘটনায় যদি মামলা দায়ের করা হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর মামলা না হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে খেলার মাঠে সংঘটিত এ ধরনের সহিংস ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য