‘গোলাগুলি বন্ধ করুন, শান্তি চুক্তি করুন’ — পুতিনকে ট্রাম্পের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, তিনি চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গোলাগুলি বন্ধ করুন’ এবং ইউক্রেনের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করুন।

ভ্যাটিকানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরদিন এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি চাই, পুতিন যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুন এবং চুক্তি সই করুন।”

ট্রাম্প দাবি করেন, শপথ গ্রহণের আগে তিনি বলেছিলেন, এক দিনের মধ্যেই এই যুদ্ধ থামাতে পারবেন। দায়িত্ব গ্রহণের পর থেকে যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছেন বলেও জানান তিনি।

মরিসটাউন বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এর আগে তিনি রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

ট্রাম্প জানান, ইউক্রেন সংঘাতের মীমাংসায় যুক্তরাষ্ট্রের একটি শান্তি পরিকল্পনা রয়েছে। তিনি চান, পুতিন সেই চুক্তির কাঠামোতে সই করুন।

এছাড়া, রোমে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয়। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তাদের সংক্ষিপ্ত কথোপকথনের পর ট্রাম্প বলেন, পুতিন সত্যিই যুদ্ধ থামাতে চান কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। কারণ এই যুদ্ধ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস করেছে এবং বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

ট্রাম্প আরও মন্তব্য করেন, তিনি মনে করেন ইউক্রেন ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়া ছেড়ে দিতে পারে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওহ, আমি তাই মনে করি।”

উল্লেখ্য, রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের চারটি অঞ্চল নিজেদের অন্তর্ভুক্ত করেছে। তবে এখনো পুরোপুরি সামরিক নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।