জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইরানকে হরমুজ প্রণালী বন্ধে বিরত রাখতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এই আহ্বান জানায় ওয়াশিংটন।

রুবিও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি চাই, চীন সরকার ইরানকে ফোন করে বোঝাক। কারণ হরমুজ প্রণালীর ওপর তেলের জন্য চীন নিজেও অনেকটা নির্ভরশীল।’

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ওয়াশিংটনের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরান এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথটি বন্ধের পথে যেতে পারে। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহ হয় এই জলপথ দিয়ে।

রুবিও সতর্ক করে বলেন, ‘যদি ইরান এই পদক্ষেপ নেয়, তবে সেটা হবে ভয়াবহ ভুল। এটি ইরানের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে এবং এর জবাব দেওয়ার বিকল্পও আমাদের আছে।’

তিনি আরও জানান, এই পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশগুলোর অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে এবং এতে আন্তর্জাতিক উত্তেজনা বাড়বে।

এদিকে, ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা জানান, এসব ঘাঁটি এখন থেকে ইরানি বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু।

এখনও স্পষ্ট নয়, মার্কিন হামলার পর ইরান উত্তেজনা কমাবে না আরও বাড়াবে। অন্যদিকে, চীন ও রাশিয়া কয়েকটি আরব দেশের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এসব হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল করছে।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

Recent News