জিলাইভ [ GLive ] | truth alone triumphs

গ্যাস-সংকটে থমকে গেছে নিত্যপণ্যের উৎপাদন, বাজারে বড় ঘাটতির আশঙ্কা

গ্যাস-সংকটে থমকে গেছে নিত্যপণ্যের উৎপাদন, বাজারে বড় ঘাটতির আশঙ্কা

দেশে দেখা দেওয়া তীব্র গ্যাস-সংকটের মারাত্মক প্রভাবে স্থবির হয়ে পড়েছে খাদ্য ও নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পখাত। প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চিনি, আটা, ময়দা ও ভোজ্যতেল প্রক্রিয়াজাতকরণের ১২টি কারখানা বন্ধ হয়ে গেছে। একই কারণে টি কে গ্রুপ, সীকম গ্রুপ ও স্মাইল ফুড প্রোডাক্টসের অধিকাংশ কারখানা অচল হয়ে পড়েছে। এর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে মূল্যবৃদ্ধির বড় ঝুঁকি তৈরি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে দেশে সাতটি প্রধান নিত্যপণ্যের কাঁচামাল আমদানি হয়েছে প্রায় ১ কোটি ৫৪ লাখ টন, যার ৬১ শতাংশ এনেছে শীর্ষ ছয়টি বড় শিল্পগোষ্ঠী। এর মধ্যে এমজিআই একাই ২২ শতাংশ আমদানি করে, যাদের কারখানায় প্রতিদিন প্রায় ৯ হাজার টন পণ্য প্রক্রিয়াজাত হয়। বর্তমানে কারখানায় পর্যাপ্ত কাঁচামাল থাকা সত্ত্বেও গ্যাসের অভাবে উৎপাদন ও বাজারজাতকরণ পুরোপুরি স্তব্ধ।

জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা জানায়, দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ নেমে এসেছে ২০৩ কোটি ঘনফুটে। ফলে দৈনিক ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৭৭ কোটি ঘনফুট। গত ২১ জুলাই মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমে যায়, যা এখনো পুরোপুরি পুরোদমে চালু করা সম্ভব হয়নি।

বর্তমানে টি কে গ্রুপের ২৮টি কারখানার মধ্যে ২০টি বন্ধ রয়েছে। অন্যদিকে নাবিল গ্রুপ বিকল্প হিসেবে বিদ্যুৎ ব্যবহার করলেও তাদের উৎপাদন সক্ষমতা নেমে এসেছে ৪০ থেকে ৫০ শতাংশে। ব্যবসায়ীরা সতর্ক করে জানিয়েছেন, গুদামে থাকা জমানো পণ্য দিয়ে সর্বোচ্চ দু-এক দিনের চাহিদা সামাল দেওয়া সম্ভব। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে দ্রুতই বাজারে সংকট দেখা দেবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান পরামর্শ দিয়েছেন, খাদ্য নিরাপত্তা বজায় রাখতে জরুরি ভিত্তিতে নিত্যপণ্য প্রক্রিয়াজাতকারী খাতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া দরকার। একই সাথে সুযোগসন্ধানী ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য কঠোর বাজার মনিটরিং নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Tags :

Md. Sakib

Recent News