অতিরিক্ত ক্যাফেইনে বিপদ: ইংল্যান্ডে শিশু-কিশোরদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ হতে যাচ্ছে

ইংল্যান্ড সরকার ১৬ বছরের নিচের শিশু-কিশোরদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন আনার পরিকল্পনা করছে। এর ফলে রেড বুল, মনস্টার, প্রাইম-এর মতো জনপ্রিয় পানীয় আর দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন কিংবা অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের কাছে বিক্রি করা যাবে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

 

সরকারের লক্ষ্য তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। ধারণা করা হয়, যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে প্রায় এক-তৃতীয়াংশ শিশু নিয়মিত এনার্জি ড্রিংক পান করে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট স্বেচ্ছায় বয়সসীমা আরোপ করেছে, তবুও বাজারে সহজলভ্যতার কারণে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে এ ধরনের পানীয়র ব্যবহার বাড়ছে।

কিছু জনপ্রিয় এনার্জি ড্রিংকে থাকে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

 

স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, “অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের প্রতিফলন ঘটাতেই সরকার সরাসরি উদ্যোগ নিচ্ছে। তরুণদের স্বাস্থ্য রক্ষাই এই আইনের মূল উদ্দেশ্য।”

তবে কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক বা সাধারণ চা-কফি এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। এ বিষয়ে ১২ সপ্তাহের একটি পরামর্শকাল চলবে, যেখানে বিশেষজ্ঞ, খুচরা বিক্রেতা, উৎপাদক এবং সাধারণ মানুষ মতামত দেবেন।

 

টিভি শেফ জেমি অলিভার দীর্ঘদিন ধরেই এনার্জি ড্রিংকের ক্ষতিকর প্রভাব নিয়ে সরব। তার অভিযোগ, “অনেক শিশু নাশতায় এনার্জি ড্রিংক খেয়ে স্কুলে আসে, তারপর সারাদিন অস্থির থাকে। এক বোতলে থাকে তিন-চার শট এসপ্রেসো আর বিপুল চিনি— যেন একেবারে দুঃস্বপ্ন।”

 

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে হতে পারে:

  • মাথাব্যথা
  • ঘুমের সমস্যা
  • অনিয়মিত হৃদস্পন্দন
  • খিঁচুনি (বিরল ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত)

বর্তমান নিয়ম অনুযায়ী, চা-কফি ছাড়া অন্য কোনো পানীয়তে যদি লিটারপ্রতি ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন থাকে, তবে লেবেলে সতর্কবার্তা লিখতে হয়, “উচ্চ ক্যাফেইনযুক্ত। শিশু, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর জন্য উপযোগী নয়।”

বিশেষজ্ঞদের মত

  • শিশুদের দেহ ছোট এবং মস্তিষ্ক এখনও বিকাশমান, ফলে তারা ক্যাফেইনের প্রভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বোচ্চ নিরাপদ সীমা ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন— যা প্রায় চার কাপ ইনস্ট্যান্ট কফি বা পাঁচ কাপ চায়ের সমান।

 

মন্ত্রী ওয়েস স্ট্রিটিং আরও বলেন, “শিশুদের কাছে এই পানীয় বিক্রি বন্ধ করে আমরা আগামী প্রজন্মকে আরও সুস্থ ও সুখী জীবনের ভিত্তি উপহার দিতে চাই।”

এদিকে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসেও একই ধরনের আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।