গাজায় চলমান মানবিক সংকট ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ইব্রাহিম কালিন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইব্রাহিম কালিন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান মোহাম্মদ দারউইশের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে একটি অজ্ঞাত স্থানে এই বৈঠক করেন।
বৈঠকে গাজার মানবিক বিপর্যয়, যুদ্ধবিরতির সম্ভাবনা এবং দ্রুত ত্রাণ সরবরাহের বিষয়ে আলোচনা হয়। তুরস্কের পক্ষ থেকে যুদ্ধ থামানোর প্রচেষ্টা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি দলগুলোর অভ্যন্তরীণ ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে গেলেও এখনও কার্যকর সমাধান আসেনি। ইসরাইল প্রায় দুই মাস ধরে গাজায় খাদ্য প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখায় সেখানে চরম দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দেয়।
পরে মার্কিন-ইসরাইল সমর্থিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) সীমিত খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করলেও, ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ ও জিএইচএফ-এর বিতর্কিত ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।
গাজা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিএইচএফ-এর ত্রাণ সংগ্রহ করতে গিয়ে বহু ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
