চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি বার্ষিক হিসাবে কোনো প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। বৃহস্পতিবার সিউলের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত সংশোধিত পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।
এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া রপ্তানি ও সেমিকন্ডাক্টর খাতে শক্ত অবস্থানে থাকলেও সাম্প্রতিক বাণিজ্যিক টানাপড়েন ও রাজনৈতিক অস্থিরতায় বড় ধাক্কা খেয়েছে।
গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের স্বল্পমেয়াদি সামরিক শাসন জারির পর থেকেই দেশটির রাজনৈতিক পরিবেশ অস্থির হয়ে পড়ে, যার প্রভাব পড়েছে অর্থনীতিতেও।
ব্যাংক অব কোরিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য শতাংশ হারে কমেছে।
এছাড়া, ২০২৪ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ।
প্রথমে এপ্রিলে প্রকাশিত প্রাথমিক হিসাবে এই প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক শূন্য দশমিক ১ শতাংশ। তবে সংশোধিত হিসাবে দেখা গেছে, অর্থনীতি সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।
পরিসংখ্যান বলছে, দক্ষিণ কোরিয়া টানা চার প্রান্তিকে শূন্য দশমিক ১ শতাংশের নিচে প্রবৃদ্ধি রেকর্ড করেছে — যা দেশটির ইতিহাসে নজিরবিহীন।
অর্থনৈতিক এই মন্দার প্রেক্ষিতে গত মে মাসে ব্যাংক অব কোরিয়া সুদের হার কমিয়ে ২ দশমিক ৭৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশে নামিয়েছে। ২০২২ সালের অক্টোবরের পর এটাই সর্বনিম্ন সুদের হার।
কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ। এই হার ফেব্রুয়ারিতে দেওয়া ১ দশমিক ৫ শতাংশের পূর্বাভাসের তুলনায় অনেক কম।
