গ্রেট ব্যারিয়ার রিফ রক্ষায় হিমঘরে প্রবাল সংরক্ষণ, আশার আলো

অস্ট্রেলিয়ার সিডনির তারোঙ্গা চিড়িয়াখানায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফের বিভিন্ন প্রবাল প্রজাতি। বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে রাখা এই প্রবালগুলো ভবিষ্যতে বিলুপ্তপ্রায় প্রবাল রিফ পুনরুদ্ধারে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হচ্ছে। বিজ্ঞানীরা একে বলছেন ‘বরফে মোড়ানো নোয়ার নৌকা’।

২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পে প্রতিবছর প্রজনন মৌসুমে ডিম ও শুক্রাণু সংগ্রহ করে হিমায়িত করা হয়। তবে ডিম হিমায়িত করা সম্ভব না হলেও শুক্রাণু সংরক্ষণ করে পরবর্তী সময়ে রিফে প্রতিস্থাপন করা হচ্ছে।

বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই বিশ্বের ৭০-৯০% প্রবাল ধ্বংস হয়ে যেতে পারে। ইতোমধ্যে বিশ্বের ৮৪% প্রবাল প্রাচীরে সাদা হয়ে যাওয়ার (ব্লিচিং) ঘটনা ঘটেছে।

তবে এই ক্রায়োব্যাংক ও গবেষণাগুলি প্রবাল সংরক্ষণ ও পুনরুদ্ধারে আশার আলো দেখাচ্ছে। সাম্প্রতিক এক পরীক্ষায় হিমায়িত শুক্রাণু দিয়ে ডিম নিষিক্ত করে রিফে প্রতিস্থাপন করা হয়, এবং তা ইতোমধ্যে ভালো বেড়ে উঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ কার্যকর হলেও জলবায়ু পরিবর্তন রোধের জন্য বড় পদক্ষেপ জরুরি। সময় দ্রুত ফুরিয়ে আসছে।