অতি গোপনীয় এআই প্রযুক্তিসম্পন্ন অস্ত্রের কথা জানালেন ইরানি জেনারেল

ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজেদের তৈরি ‘অতি গোপনীয়’ অস্ত্রের কথা প্রকাশ করেছে, যেগুলোতে রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি এই তথ্য জানান।

সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’র বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি জানান, ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে, যা অত্যাধুনিক এবং কিছু অস্ত্র ‘অতি গোপনীয়’ শ্রেণির। এই অস্ত্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রচলিত অস্ত্রের তুলনায় অনেক বেশি সক্ষম।

‘আমাদের এই অস্ত্রসম্ভার কৌশলগত কারণে এখনো প্রকাশ করা হয়নি। তবে এগুলো সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে ব্যবহার করা হবে,’ বলেন জেনারেল হেইদারি।

তিনি আরও জানান, ১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের পর ইরানের পদাতিক বাহিনী নিজেদের কাঠামো ও কৌশলে বড় পরিবর্তন এনেছে। এখন তাদের রয়েছে দ্রুত অবস্থান পরিবর্তন, আক্রমণ পরিচালনা এবং পাল্টা হামলার উন্নত সক্ষমতা।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সামরিক বাহিনীর শক্তি ও প্রস্তুতির প্রশংসা করে বলেছেন, ইরানের বাহিনী এখন গোটা পশ্চিম এশিয়ায় এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সম্প্রতি গাজায় ইসরাইলি হামলা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে ইরানসহ প্রতিরোধশক্তিগুলো ইসরাইলবিরোধী অবস্থান বজায় রেখে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।