চীনের উত্তরে তীব্র ঝড়ে শত শত ফ্লাইট বাতিল, স্থগিত রেল যোগাযোগ

চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় শনিবার প্রবল বাতাসের কারণে কয়েক শত ফ্লাইট বাতিল করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং স্থগিত করা হয়েছে ট্রেন পরিষেবা। এই ঝড়ের কারণ হিসেবে মঙ্গোলিয়ার ওপর তৈরি হওয়া একটি ঠান্ডা ঘূর্ণিঝড়কে দায়ী করেছে চীনের আবহাওয়া অধিদপ্তর।

চীনের আবহাওয়া প্রশাসন (CMA) জানিয়েছে, ১২ এপ্রিলের বাতাস ছিল এতটাই প্রবল যে তা ১৯৫১ সালের রেকর্ডের কাছাকাছি বা কখনো কখনো তা ছাড়িয়েও গেছে। বেইজিংয়ে বাতাসের সতর্কতার সর্বোচ্চ দ্বিতীয় স্তর ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে, যা গত এক দশকে বিরল।

রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভির মতে, শনিবার সকালে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১৩টি ফ্লাইট বাতিল হয়। এছাড়া এক্সপ্রেস সাবওয়ে লাইন ও উচ্চগতির রেল চলাচল স্থগিত করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সামার প্যালেস, টেম্পল অফ হেভেন, বেইজিং চিড়িয়াখানা ও ইউনিভার্সাল স্টুডিও থিম পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র।

বেইজিং শহরে প্রায় ৩০০টি গাছ উপড়ে পড়েছে ও ১৯টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চীনে এমন চরম আবহাওয়া পরিস্থিতি আরও ঘন ঘন ও ভয়াবহ হয়ে উঠছে। গত বছরও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।