তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে বুধবার ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূমিকম্পের সময় রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কেঁপে ওঠে।
USGS জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইপেইয়ের কাছাকাছি ইলান কাউন্টিতে, যার গভীরতা ছিল প্রায় ৭০ কিলোমিটার।
তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। উচ্চগতির ট্রেন ও অন্যান্য রেল পরিষেবা সচল ছিল, তবে সাবধানতা হিসেবে তাইপেইয়ের মেট্রো ট্রেনের গতি কিছু সময়ের জন্য কমিয়ে দেওয়া হয়েছিল।
তাইওয়ান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
২০২৪ সালের এপ্রিলে দেশটিতে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছিল এবং হুয়ালিয়েন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি ছিল ১৯৯৯ সালের ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সবচেয়ে শক্তিশালী।
পরবর্তী বছরগুলোতে তাইওয়ান ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণব্যবস্থা ও বিল্ডিং কোডে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে। দেশটি বর্তমানে একটি উন্নত ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা ব্যবহার করছে, যা সম্ভাব্য ভূমিকম্পের আগে কয়েক সেকেন্ডের মধ্যে জনসাধারণকে সতর্ক করতে সক্ষম।
