ডিজিটাল আইনের নাম বদল কেবল আইওয়াশ: জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করেনি, কেবল নাম বদলেছে। এসবই করা হয়েছে বিদেশিদের চাপে। এটি একটি আইওয়াশ। অথচ আমরা পুরো আইনের বাতিল চেয়েছিলাম।মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশ’- শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল আইনের নাম বদল কেবল আইওয়াশ: জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি বলেন, ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত ফ্যাসিস্টের সমালোচনা চলবে না, সেটা হবে না। কথা বলতেই হবে। গোড়ায় গলদ না ধরলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। ভোটাধিকার তাই জবাবদিহিতার সঙ্গে সম্পর্কিত। জবাবদিহিতা মানেই ক্ষমতার ভারসাম্য। ৩১ দফা এখন জাতীয় প্রস্তাবনায় রূপান্তরিত হয়েছে।

তিনি বলেন, সরকার সবচেয়ে বড় যে কাজটা করেছে, সেটা হলো দেশের জনগোষ্ঠীকে বিভক্ত করেছে। জাতিবাদের নামে এমন একটি বিভাজন তৈরি করেছে, যা ভয়াবহ পরিণতি নিয়ে আসছে।
গণসংহতি আন্দোলনের প্রধান এই সমন্বয়ক বলেন, মানুষ যখন নিজেদের ভেতর বিভক্ত হয়, তখন তারা সবচেয়ে দুর্বল থাকে। তারা তখন নিজেদের স্বাধীনতা হারায়। আজকের এই সংগ্রাম নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ৭২ সাল থেকে যে রাজনৈতিক ব্যবস্থা চলে আসছে, তা ভেঙ্গে দিতে হবে।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।








