,

প্রবাসীদের আইনি সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছে ‘প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা (প্রবাস)’।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ এবং ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগান তুলে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে লিখিত স্মারকলিপি তুলে দেন। পত্রে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা বাড়ানো, নির্যাতনের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং বিদেশে বিপদে পড়া নাগরিকদের আইনি সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা মনন। তিনি বলেন, প্রবাসে যেসকল প্রবাসী শ্রমিক আইনি জটিলতা বা বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন, তাঁরা যেন আত্মপক্ষ সমর্থনের সমান সুযোগ পান এবং ন্যায়বিচার পান, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
সংগঠনের সদস্য সচিব ও মানবাধিকারকর্মী আনন্দ কুটুম মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারী শ্রমিকদের ভয়াবহ বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি জানান, সৌদি আরবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত নয় মাসে অন্তত ৯৮০ জন নারী কর্মী দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই গর্ভবতী হয়ে মানবেতর অবস্থায় ফিরেছেন। আক্রান্ত নারী কর্মীদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া, তাঁদের সন্তানদের আইনি স্বীকৃতি ও নিরাপত্তা বিধানের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনার মাধ্যমে এর একটি টেকসই ও স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।
চিকিৎসক ও সংগঠনের সমন্বয়ক ড. তৃণা ইসলাম বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মিশনগুলো প্রবাসী শ্রমিকদের সহযোগিতায় কতটা তৎপর, তা নিয়মিত অডিট বা তদারকি করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিক ও গণমাধ্যম সমন্বয়ক হাসনাত কাদীর ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অর্থনীতি সচল থাকে প্রবাসীদের কষ্টার্জিত উপার্জনে। কিন্তু রাষ্ট্রকে বুঝতে হবে—শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলেই চলবে না। দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে থাকা প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার ও আইনের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
কর্মসূচি থেকে বিদেশে কর্মরত শ্রমিকদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের সঠিক তদন্ত এবং আন্তর্জাতিক আদালতে বা বিদেশের মাটিতে মৃত্যুদণ্ডের মুখোমুখি প্রবাসীদের পক্ষে শক্তিশালী আইনি লড়ায়ের দাবি জানানো হয়। বক্তারা বলেন, রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃত এসব মানুষের সংকটকালে প্রয়োজনীয় কনস্যুলার ও কূটনৈতিক সহায়তা পাওয়া একেবারেই সাংবিধানিক অধিকার।
প্রবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা এবং সচেতনতা সৃষ্টিতে নিয়োজিত সংগঠন ‘প্রবাস’ জানিয়েছে, একই স্মারকলিপি শিগগিরই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে হস্তান্তর করা হবে।
দক্ষিণ এশিয়াভিত্তিক প্ল্যাটফর্ম ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)’ এবং চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’-এর সম্মিলিত সহযোগিতায় এই প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।