জিলাইভ [ GLive ] | truth alone triumphs

আনসার-ভিডিপি ব্যাংকের ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের আশ্বাস

বিশেষায়িত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর এবং দীর্ঘদিনের জনবল সংকট মেটাতে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শীর্ষ প্রতিনিধিদল সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদস্য এবং গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্সিং সুবিধার বিষয়টি গুরুত্ব পায়। প্রকল্পটির নথিপত্র খতিয়ে দেখে দ্রুত সময়সীমার মধ্যে তা মঞ্জুরির আশ্বাস দিয়েছেন গভর্নর। প্রস্তাবিত এই প্রকল্পটি অনুমোদিত হলে আনসার ও ভিডিপির তৃণমূল সদস্যরা মূলধারার ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হবেন, যা তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গতি আনবে।

প্রযুক্তিগত ভিত্তি মজবুত করতে ব্যাংকের সব শাখায় শতভাগ কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) চালুর বিষয়টি সভায় ঘুরেফিরে আসে। তবে সিবিএস পুরোপুরি কার্যকর করতে হলে দক্ষ জনবলের ঘাটতি কাটিয়ে ওঠা জরুরি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে ঝুলে থাকা ২০৫টি শূন্য পদে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গ্রাহকসেবা সহজ ও ডিজিটাল করতে ব্যাংকটিকে জাতীয় পেমেন্ট ও আধুনিক ক্লিয়ারিং নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় খুব শিগগির আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACH), ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN)-এর সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে বাহিনীর লাখ লাখ সদস্য ঘরে বসেই ই-পেমেন্ট, বেতন-ভাতা গ্রহণ এবং যেকোনো ব্যাংকে সরাসরি ফান্ড ট্রান্সফারের সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ এবং ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন। প্রশাসনিক ও নীতিগত এই পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়িত হলে ব্যাংকটির পরিচালন সক্ষমতা বাড়বে।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর