,

তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ, আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দর

মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা ও অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার জেরে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম একলাফে অনেকটা বেড়ে গেছে। তেলের এই ঊর্ধ্বগতির কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির আশঙ্কা জোরালো হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী দিনগুলোতে সুদের হার আরও বাড়াতে পারে—বিনিয়োগকারীদের এমন সমীকরণের জের ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে।

গত ২২ জুলাই বুধবার বিশ্ববাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম বিগত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছালেও পরের দিনই তা বড় পতনের মুখে পড়ে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১০৩.৩৯ ডলারে নেমে এসেছে। অথচ আগের দিনই এর দাম ৪,১৬৫.৮৭ ডলারে উঠেছিল, যা ছিল চলতি মাসের ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ দর। পাশাপাশি আগস্টে সরবরাহ বা ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার বা আগাম চুক্তি দর ১.১ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,১০৬.৪০ ডলারে স্থির হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও সামরিক চাপ, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর আক্রমণ এবং লোহিত সাগরে একের পর এক জ্বালানিবাহী জাহাজে হামলা চলার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অন্তত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ চূড়ায় উঠেছে। তেলের দাম বাড়লে উৎপাদনে জ্বালানি খরচ বেড়ে সব ধরনের ভোগ্যপণ্যের দাম একযোগে বাড়ে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করে।

ইন্ডাসইন্ড সিকিউরিটিজের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী এই বাজার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জানান, তেলের উচ্চমূল্য সার্বিক মূল্যস্ফীতিকে তরান্বিত করছে। এটি দেখে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগত সুদের হার বাড়িয়ে রাখতে পারে বা নতুন করে বৃদ্ধি করতে পারে। সাধারণত সুদের হার বাড়লে বা চড়া থাকলে বিনোয়োগকারীরা বন্ড ও স্থায়ী আমানতের দিকে ঝোঁকেন, ফলে সুদমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমে যায়।

অর্থনৈতিক বিশ্লেষকদের অনুমান, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সুদের হার সংক্রান্ত সুনির্দিষ্ট বৈঠকে হয়তো ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে। তবে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ অন্তত একবার সুদের হার বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ‘সিএমই ফেডওয়াচ টুল’-এর তথ্য অনুসারে, আগামী সেপ্টেম্বরের নীতিমালায় ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে বেড়ে ৭৭ শতাংশে দাঁড়িয়েছে।

স্বর্ণের ধারাবাহিক দরপতনের ঢেউ এসে পড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও। একই দিনে আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার বা রূপার দাম ১.৩ শতাংশ কমে গেছে। একই সঙ্গে শিল্প উৎপাদনে ব্যবহৃত মূল্যবান ধাতু প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ হ্রাস পেয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।