জি-লাইভ ডেস্ক
প্রকাশ: ২৩ই জুলাই ২০২৬, ২:২৭ পিএম

গাজীপুরের কালীগঞ্জে ২০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে শ্লীলতাহানি ও শ্লীলতাহানির মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭০ বছর বয়সী লোকমান হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাকে আইনের আওতায় আনতে ইতিমধ্যে অভিযানে নেমেছে পুলিশ।
মামলার বিবরণ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (২২ জুলাই) সকালে গ্রামের একটি মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণী। এ সময় উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত তরব আলীর ছেলে লোকমান হোসেন তাকে কৌশলে ডেকে নেন। তরুণীটি কাছে আসার পরপরই অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার হাত ধরে ফেলেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে নিপীড়ন চালান। একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে কামড়ে জখম করেন এবং বাড়ির বারান্দার মেঝেতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। শারীরিক নির্যাতনের যন্ত্রণায় তরুণীটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে লোকমান চটজলদি পালিয়ে যান।
পরে আহত ও ভীতসন্ত্রস্ত অবস্থায় তরুণীটি বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা খুলে বলেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক ক্ষতচিহ্ন দেখে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা শেষে স্বজনেরা ন্যায়বিচারের আশায় কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন।
এদিকে ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, লোকমান হোসেনের বিরুদ্ধে এবারই প্রথম এমন অপরাধের অভিযোগ ওঠেনি। প্রায় দুই বছর আগেও একই ধরনের একটি জঘন্য ঘটনার সঙ্গে তার নাম জড়িয়েছিল। সে সময় কোনো কঠোর আইনি পদক্ষেপ না নেওয়ায় তিনি পার পেয়ে যান। স্থানীয়দের দাবি, আগের ঘটনায় বিচার কিংবা শাস্তি না হওয়ায় ৭০ বছর বয়সী এই ব্যক্তি পুনরায় এমন অপরাধ করার দুঃসাহস দেখিয়েছেন। মানসিক প্রতিবন্ধী ও অসহায় মানুষদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২৯) রুজু করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধী যত বয়োবৃদ্ধই হোক না কেন, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে এবং খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
মন্তব্য