খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুলাই ২০২৬, ৬:৪৩ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং এইচএসসি পরীক্ষার পুনর্নির্ধারণসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ চালিয়ে যান।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক অতিক্রম করে সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের মূল ফটকে পৌঁছায়। এরপর তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি দূর করা এবং পরীক্ষাসংক্রান্ত সিদ্ধান্তে শিক্ষার্থীদের সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষে তিন দফা দাবি ঘোষণা করেন সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার দেওয়া ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
মিরাজ হোসেন আরও বলেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যেও অনেক পরীক্ষার্থীকে নানা প্রতিকূলতার মধ্যে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। আবার অনেকে পরিস্থিতির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই ওই দিনের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান তিনি।
আন্দোলনকারীদের অন্য দাবির মধ্যে রয়েছে, পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ করা এবং প্রশ্নপত্রের মান আরও শিক্ষার্থীবান্ধব করা। তাদের অভিযোগ, পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
এদিকে, বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল ব্যাহত হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পথচারী ও সাধারণ যাত্রীরা এতে ভোগান্তিতে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা সকাল থেকেই কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি। দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
শিক্ষার্থীদের এই কর্মসূচিকে ঘিরে সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বৈঠকের তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য