খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই জুলাই ২০২৬, ১১:৪১ পিএম

৪৮টি দল নিয়ে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের এই জমজমাট আসর। নানা নাটকীয়তা আর রোমাঞ্চকর লড়াই শেষে টুর্নামেন্টে এখন টিকে আছে কেবল আটটি পরাশক্তি। এবার সেমিফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার সিংহ মরক্কো। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি।
কোয়ার্টার ফাইনালের এই লড়াইটি মাঠের ৯০ মিনিটের ফুটবল ছাপিয়ে এক অনন্য আবেগ ও মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ নিয়েছে। কারণ এই ম্যাচে মরক্কোর এমন ছয়জন ফুটবলার মাঠে নামবেন, যাদের নিজেদের জন্মভূমি মূলত ফ্রান্স। কাতার বিশ্বকাপের ইতিহাস সৃষ্টিকারী দল মরক্কোর বর্তমান ২৬ সদস্যের স্কোয়াডে আছেন ফ্রান্সে জন্ম নেওয়া এই ছয় ফুটবলার—রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ ও আইয়ুব বুয়াদ্দি। এদের সবারই পারিবারিক শিকড় গাঁথা মরক্কোর মাটিতে। আগের প্রজন্মের অভিবাসী পরিবারের সন্তান হওয়ায় জন্মসূত্রে তারা ফ্রান্স এবং বংশসূত্রে মরক্কোর নাগরিক। ফলে আন্তর্জাতিক ফুটবলে দুই দেশের হয়েই খেলার আইনি সুযোগ ছিল তাদের সামনে। তবে শেষ পর্যন্ত তারা বেছে নিয়েছেন নিজেদের পূর্বপুরুষদের দেশ মরক্কোকে।
এই ছয় ফুটবলারের মধ্যে ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা চলছে তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে নিয়ে। ১৮ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার এ বছরের শুরুতেও ফ্রান্সের অনূর্ধ্ব–২১ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ফরাসি ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল। তবে বিশ্বকাপের মূল আসর শুরুর ঠিক আগমুহূর্তে সবাইকে চমকে দিয়ে তিনি সিদ্ধান্ত বদল করেন এবং আন্তর্জাতিক ফুটবলে মরক্কোকে নিজের দেশ হিসেবে বেছে নেন। তার এই সিদ্ধান্ত ফরাসি ফুটবল মহলে বড় ধাক্কা দিলেও মরক্কোর মাঝমাঠকে দারুণ শক্তিশালী করেছে।
দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকা এবং ইউরোপে বড় হওয়া প্রতিভাবান ফুটবলারদের নিজেদের জাতীয় দলে টানার এই কৌশল মরক্কো বেশ কয়েক বছর ধরেই বেশ সফলতার সাথে কাজে লাগাচ্ছে। বিশেষ করে ফ্রান্সে থাকা বিশাল মরক্কো প্রবাসী জনগোষ্ঠীর মধ্য থেকে ফুটবলার খুঁজে বের করার কাজটি অত্যন্ত সুনিপুণভাবে করছে মরক্কো ফুটবল ফেডারেশন।
মরক্কো ফুটবল ও ফরাসি কানেকশন: ফুটবল ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এর আগেও ফ্রান্সে জন্ম নেওয়া অনেক বড় বড় তারকা মরক্কোর জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। সোফিয়ান বৌফাল, সাবেক অধিনায়ক রোমাঁ সাইস, মারুয়ান শামাখ, মেহদি বেনাতিয়া ও মুস্তাফা হাজ্জির মতো ফুটবলাররা ফ্রান্সে জন্ম ও বেড়ে উঠলেও আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন মরক্কোকে।
এবারও তার ব্যতিক্রম হয়নি। জন্মভূমির বিপক্ষে এই ছয় ফুটবলার কেমন পারফর্ম করেন এবং ফ্রান্সের তারকাখচিত দলের বিরুদ্ধে আফ্রিকার মরক্কো সেমিফাইনালের টিকিট কাটতে পারে কি না, তা দেখতেই এখন বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।
মন্তব্য