জি- লাইভ ডেস্ক
প্রকাশ: ২ই জুলাই ২০২৬, ৫:৫৬ পিএম

আগামী ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে স্বাগতিক দলের মুখোমুখি হওয়ার পাশাপাশি একটি ত্রিদেশীয় সিরিজ ও দুটি চার দিনের ম্যাচ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগ নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান তামিম ইকবালের যে বড় পরিকল্পনা ছিল, এটি তারই বাস্তব রূপরেখা। কন্ডিশনের চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি নতুন ও পুরাতনের মিশেলে পাইপলাইন শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং বাংলাদেশের পাশাপাশি ত্রিদেশীয় এই টুর্নামেন্টে যোগ দেবে স্থানীয় একটি স্পোর্টস ইউনিভার্সিটি দল। এই সীমিত ওভারের লড়াই শেষ হতেই শুরু হবে সাদা পোশাকের ক্রিকেট। যেখানে ক্রিকেটারের ধৈর্য ও টেকনিকের আসল পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেট। আর এই কঠিন কন্ডিশনে তরুণদের দিকনির্দেশনা দিতে প্রধান কোচ হিসেবে সফরে যাচ্ছেন দেশের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক মোহাম্মদ সালাউদ্দিন।
বিসিবি এখনও আনুষ্ঠানিক দল ঘোষণা না করলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারের স্কোয়াডে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন আসছে। সবচেয়ে বড় খবর হলো, ঘরোয়া ক্রিকেটে লড়াই করে যাওয়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব অনেক দিন পর বোর্ডের কোনো মূল প্রোগ্রামে ডাক পাচ্ছেন। বিপ্লবের অন্তর্ভুক্তি দলের বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করবে। তবে অফফর্মের কারণে এই সফর থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি।
দলের তরুণ ও নিয়মিত মুখদের মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছেন ইফতেখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আশিকুর রহমান শিবলি, মইন খান, আবু হাশিম এবং পেসার রোহানতদৌলা বর্ষণ।
এর পাশাপাশি কন্ডিশন ও অভিজ্ঞতার কথা মাথায় রেখে নতুন করে যুক্ত করা হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ইরফান শুক্কুর ডাক পেয়েছেন মিডল অর্ডারকে শক্ত করতে। তাঁর সঙ্গে নতুন করে সুযোগ পাচ্ছেন আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী অলিন এবং মোহাম্মদ আব্দুল্লাহ সিফাত। তরুণ এই ক্রিকেটারদের জন্য দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। জুনের শেষভাগে ঢাকা ছাড়ার আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প করার কথা রয়েছে স্কোয়াডের ক্রিকেটারদের।
মন্তব্য